
শেষ আপডেট: 6 March 2023 09:48
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহদুয়েক আগেই বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে খুনের (UP MLA Murder) ঘটনার অন্যতম সাক্ষী উমেশ পালকে (Umesh pal) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল আততায়ীরা। সেই ঘটনায় আগেই এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছিল পুলিশের এনকাউন্টারে (encounter)। এবার পুলিশের এনকাউন্টারের মৃত্যু হল অন্য আর এক দুষ্কৃতী তথা মূল অভিযুক্তদের একজন উসমানেরও।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একজন উপদেষ্টা এবং বিজেপির এক বিধায়ক টুইট করে জানিয়েছেন একথা। প্রয়াগরাজের স্বরূপ রানি নেহেরু হাসপাতালের এমারজেন্সি মেডিকেল অফিসার বদ্রী বিশাল সিং জানিয়েছেন, উসমান নামে ওই দুষ্কৃতীকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। কিন্তু আনার আগে মৃত্যু হয়েছিল তার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি উমেশ পালকে হত্যার ঘটনায় জড়িত ছয় দুষ্কৃতীদের মধ্যে একজন হল উসমান ওরফে বিজয় চৌধুরী। সিসিটিভি ফুটেজে উমেশ পালকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গিয়েছিল তাকে। সেই ঘটনায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছিল আইনজীবী উমেশ এবং তাঁর দেহরক্ষীর।
সূত্রের খবর, এই ঘটনায় আগে এনকাউন্টারে যে অপরাধীর মৃত্যু হয়েছিল, সে আসলে ছিল দুষ্কৃতীরা যে গাড়িটিতে করে এসেছিল সেটির চালক। তারপর এই প্রথম মূল ছজন অভিযুক্তের মধ্যে একজনের মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে। এই ঘটনায় হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল আগেই।
বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই দু'হাজারের বেশি ঘর, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র