
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 22 July 2024 15:17
সপ্তাহ ঘুরতে চলল। অথচ মন্ত্রিসভায় ছোট বদলের যে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তা সইয়ের অপেক্ষায় ঝুলে রয়েছে রাজভবনে।
মন্ত্রিসভায় কাকে মন্ত্রী করা হবে বা কোন দফতরের মন্ত্রী করা হবে তার সবটাই মুখ্যমন্ত্রীর অগ্রাধিকারের মধ্যে পড়ে। রাজ্যপালের বা অন্য কারও তাতে এক্তিয়ার নেই। কিন্তু সাংবিধানিক ভাবে যেহেতু রাজ্যপাল সবাইকে শপথ পাঠ করান এবং প্রথাগত ভাবে এটা, ‘তাঁর সরকার’, তাই মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আনুষ্ঠানিক সাক্ষর প্রয়োজন হয় রাজভবনের। অর্থাৎ মন্ত্রিসভা তথা নবান্নের প্রস্তাবে রাজ্যপালের সইয়ের পর বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ হয়।
সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় ছোট একটি বদলের জন্য নবান্ন রাজভবনে প্রস্তাব পাঠিয়েছে গত বুধবার। তার পর থেকে এখনও তাতে সই করেননি রাজ্যপাল। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন। সেচ মন্ত্রী পদে কাউকে এবার দায়িত্ব দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী সেটাই করেছেন। নবান্নের শীর্ষ সূত্রে বলা হচ্ছে, জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুইঞাঁকে সেচ দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বনির্ভর গোষ্ঠী দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে স্বনির্ভর গোষ্ঠী দফতরের মন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর বীরবাহাকে বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়। তাঁর কাছ থেকে স্বনির্ভর গোষ্ঠী দফতরের দায়িত্ব নিয়ে নেওয়া হতে পারে। সূত্রের এও খবর, দফতর বদল হতে পারে গোলাম রব্বানির। তিনি এখন পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী পদে রয়েছেন। একই ভাবে দফতর বদল হতে পারে বাবুল সুপ্রিয়রও। বর্তমানে অচিরাচরিত শক্তি উৎস্য দফতরের মন্ত্রী হলেন বাবুল।
তবে নবান্ন ও তৃণমূল সূত্রে এও বলা হচ্ছে, এই ছোট বদল কিন্তু চূড়ান্ত নয়। মন্ত্রিসভায় একটা রদবদল এখন অনিবার্য। সেই রদবদল হতে পারে ভাদ্র মাস পড়ার আগে। এবং সম্ভাব্য সেই রদবদলে বর্তমান মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন বাদ পড়তে পারেন। মন্ত্রিসভায় ঢুকতে পারেন বেশ কয়েকজন নতুন মুখ। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শিগগির আলোচনায় বসতে পারেন বলে খবর।