
শেষ আপডেট: 18 May 2023 03:27
দ্য ওয়াল ব্যুরো: মারা গিয়েছে শিশু। কিন্তু পকেটে অত টাকাও নেই যে অ্যাম্বুলেন্সে করে সদ্যোমৃত সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন। তাই ব্যাগের মধ্যেই সন্তানের দেহ ভরে বাসে চেপে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জ ফিরেছিল হতভাগ্য বাবা। এই ছবি খুব বেশি পুরনো নয়। দিনকয়েক আগেই এই অমানবিক ছবি দেখেছে গোটা বাংলা। এই নিয়ে রাজ্য প্রশাসন ও শাসকদলকে রীতিমতো এক হাত নিয়েছিল বিরোধী দল বিজেপি। এবার সেই একই অমানবিক দৃশ্য দেখা গেল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশেও (Madhya Pradesh)। ১৩ বছরের মেয়ের মৃতদেহ বাইকে চাপিয়ে বাড়ির পথে রওনা দিলেন বাবা (man carries daughters body on bike)।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল এলাকায়। এই ছবি সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে। জানা গিয়েছে, প্রয়োজনীয় টাকা দিতে না পারায় হাসপাতাল থেকে শববাহী গাড়ি মেলেনি। তাই একপ্রকার বাধ্য হয়েই ১৩ বছরের মেয়ের নিথর দেহ নিয়ে মোটরবাইকে চেপে বাড়ির পথে রওনা দিয়েছিলেন বাবা লক্ষ্মণ সিং। ঘটনায় স্বাভাবিকভাবেই সে রাজ্যের বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল ওঠে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একেবারেই বেহাল, এমনটাই বলছেন বিরোধী দলের নেতারা।
অবশ্য বিষয়টি জানতে পেরেই দ্রুত পদক্ষেপ করেন শাহদোলের জেলাশাসক বন্দনা বৈদ্য। পাঁচ কিলোমিটার ওইভাবে যাওয়ার পরই রাস্তায় বাইকটিকে থামানো হয়। এরপর একটি শববাহী গাড়ির ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফেই। অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
পরে এ প্রসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, হাসপাতালে একাধিক সমাজসেবী সংস্থার শববাহী যান রয়েছে। শুধু ডিজেলের দাম দিলেই সেগুলি পাওয়া যায়। তাছাড়া যাঁদের আর্থিক অবস্থা খারাপ, তাঁদের জন্যও হাসপাতালে শববাহী গাড়ির বন্দোবস্ত রয়েছে। যার খরচ বহন করে রেড ক্রস সোসাইটি ও রোগীকল্যাণ সমিতি। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন ওই ব্যক্তি মেয়ের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ি পেলেন না, কেন হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে দিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতার নাম মাধুরী সিং। সে রক্তাল্পতা রোগে আক্রান্ত ছিল। শাহদোল সরকারি হাসপাতালের আইসিইউয়ে বেশ কিছুদিন চিকিৎসার পর সোমবার গভীর রাতে মারা যায়। মাধুরীর নিথর দেহ যেভাবে তার বাবা বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই ছবিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনও কোন তিমিরে নিমজ্জিত রয়েছে।
সন্তান চাই, জেল থেকে মুক্তি দেওয়া হোক স্বামীকে, কারা কর্তৃপক্ষের কাছে আর্জি স্ত্রীর