দ্য ওয়াল ব্যুরো : দেশ জুড়ে পঞ্চম দফার লকডাউনের মধ্যেই মঙ্গলবার বণিকসভা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সম্মেলন শুরু হল। সেখানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ভারতের অর্থনীতি নিঃসন্দেহে ফের বিকাশের পথে ফিরে যাবে। সরকার করোনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন সরকার চেষ্টা করছে যাতে অর্থনীতিকে চাঙ্গা করে তোলা যায়।
প্রধানমন্ত্রীর কথায়, “আমি নিশ্চিত, ভারত ফের বিকাশের পথে ফিরে যাবে। আমি করোনা সংকট ঠেকানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি মনে করি, দেশে ট্যালেন্টের অভাব নেই। প্রযুক্তিতে আমরা যথেষ্ট উন্নত। আমাদের কৃষক ও উদ্যোগপতিরা যথেষ্ট যোগ্য। তাই আমি মনে করি, ভারতের অর্থনীতি ফের আগের মতোই বিকশিত হবে।”
পরে তিনি বলেন, “ভারত বিকাশের পথ থেকে আর বেশি দূরে নেই।”
এদিন ফের আত্মনির্ভরতার কথা তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য আমাদের দরকার সদিচ্ছা, উদ্ভাবনী শক্তি, বিনিয়োগ, সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রবণতা ও পরিকাঠামো।” একইসঙ্গে তিনি বলেন, “আমরা নিশ্চিতভাবেই অর্থনৈতিক বিকাশের পথে ফিরতে পারব।”
অন্য প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কাছে সংস্কার কথার অর্থ সাহসী সিদ্ধান্ত নেওয়া ও তা কার্যকর করা।” তাঁর মতে, ভারতকে আমদানির ওপরে নির্ভরতা কমাতে হবে। আমাদের নিজেদের প্রয়োজনীয় পণ্য তৈরি করতে হবে দেশেই। এখন আমাদের পণ্য হবে মেড ইন ইন্ডিয়া এবং মেড ফর দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা বিশ্বের জন্যই পণ্য তৈরি করবে ভারত। আমাদের দেশ যাতে আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেজন্য দেশে শক্তিশালী সাপ্লাই চেন গড়ে তোলা দরকার।
মোদীর দাবি, সরকার সবসময় বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পই দেশের বিকাশের প্রধান বাহন। এখন সারা বিশ্ব ভারতের ওপরে আস্থা রাখে।