
শেষ আপডেট: 18 January 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: রাম মন্দির উদ্বোধনের দিন আগামী ২২ জানুয়ারি রাজ্য জুড়ে খোলা থাকবে মদের দোকান। 'ড্রাই ডে' ঘোষণার দাবিতে দায়ের হওয়া মামলা খারিজ করে জানাল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন গোটা রাজ্য জুড়ে খোলা থাকবে মদের দোকান।
মামলাকারীদের দাবি ছিল, রাম মন্দির উদ্বোধনের দিন গোটা রাজ্য জুড়ে মদ্য পান বিরোধী দিবস হিসাবে গণ্য করা হোক। ওই দিনটি রাজ্যে 'ড্রাই ডে' হিসেবে ঘোষণা করা হোক।
নিজেদের দাবির সপক্ষে মামলাকারীদের বক্তব্য ছিল, ইতিমধ্যেই চারটি রাজ্য ওই দিনটিকে 'ড্রাই ডে' হিসেবে ঘোষণা করেছে। তাই এ রাজ্যেও ওই দিনটিকে 'ড্রাই ডে' হিসেবে ঘোষণা করা হোক।
এদিনের শুনানিতে রাজ্যের তরফে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে তা খারিজ করার আবেদন জানানো হয়। ডিভিশন বেঞ্চও জানিয়ে দেয়, 'ড্রাই ডে' ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। স্টেট বেভারেজ কর্পোরেশন রয়েছে। তাঁদের এই সংক্রান্ত একাধিক বিধি রয়েছে। তাই এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এরপরই মামলাটি খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।