দ্য ওয়াল ব্যুরো: আর একটু হলে কলকাতাতেই (kolkata) আমেরিকার (usa) মেনিয়াপোলিশের (Minneapolis) ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল। রবিবার সন্ধ্যায় এক্সাইড মোড়ের কাছে দেখা যায় সবুজ পোশাক পরা এক যুবক এক তরুণকে (youth) রাস্তায় ফেলে বুটের লাথি মারছে বুকে পিঠে। জানা যায়, তিনি কলকাতা পুলিশের একজন সিভিক ভলান্টিয়ার (civic volunteer)।
এক্সাইড মোড়ে তখন রীতিমত ভিড় জমে যায়। কিন্তু কাউকেই এগিয়ে গিয়ে ওই পুলিশকে নিরস্ত করতে দেখা যায়নি। বরং তাঁরা ব্যস্ত হয়ে পড়েন ঘটনাটি ক্যামেরাবন্দি করতে। তবে ট্রাফিক পুলিশের পদস্থ অফিসার, ওই জায়গায় যারা ডিউটিতে ছিলেন তারা ছুটে এসে গ্রিন পুলিশকর্মীকে বিরত রাখেন।
মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ছড়িয়ে পড়লে রাতেই পদক্ষেপ করেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তাঁর নির্দেশে রাতেই ওই সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়।
আজ সকাল ১০টায় পুলিশ কমিশনার তাঁর অফিসে এক্সাইড মোড়ে ওই সময় কর্মরত ট্রাফিক পুলিশের অফিসারদের তলব করেছেন। তিনি জানতে চান ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল অথচ ট্রাফিক পুলিশের সামনে কিভাবে গ্রিন পুলিশ একজন মানুষকে ওইরকম অমানবিকভাবে মারতে পারল।
এই ঘটনা অনেককেই কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের (george floyd) গলায় হাঁটু চেপে মেরে ফেলার ঘটনা মনে করিয়ে দিয়েছে। কলকাতার ক্ষেত্রে আক্রান্ত যুবকের অবশ্য শেষ পরিণতি তেমন হয়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত গ্রিন পুলিশ কর্মী অতনু বিশ্বাসের বক্তব্য, ওই তরুণ চলন্ত বাস থেকে এক মহিলার ব্যাগ ছিনতাই করেছিল।