
ফাইল চিত্র
শেষ আপডেট: 25 November 2024 11:41
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহাতেই বদলে গেল আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে সোমবার পরিণত হবে গভীর নিম্নচাপে। যার জেরে সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী দু'টি জেলায়।
শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। কিন্তু ঘূর্ণিঝড় হবে কি না সেবিষয়ে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। এটির অভিমুখ রয়েছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। গতিবিধি বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘণীভূত এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়।
নতুন করে উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। উত্তর-পূর্ব অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
তবে, জোড়া ঘূর্ণাবর্তের ফলে এই মুহূর্তে শীতের ইনিংসে কোনও বাধা নেই বলে জানাল আলিপুর। ইতিমধ্যেই রাজ্যের প্রায় সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।পুরুলিয়ায় রবিবার ছিল ১২ ডিগ্রি। কলকাতায় ১৭। এই তাপমাত্রাই আগামী কিছুদিন থাকবে। রাজ্যজুড়ে বজায় থাকবে মনোরম আবহাওয়া। নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে সকালের দিকে। তবে, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। তবে, ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও কমবে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে এই ক'দিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৭ শতাংশ।
নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরী, করাইকালে। বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। অতি ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কেরলের মাহে ও রয়েলসীমাতে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলেও মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে।