
শেষ আপডেট: 14 November 2023 20:18
দ্য ওয়াল ব্যুরো: বাথরুম পরিষ্কার করতে গিয়ে চোখ যায় ড্রামের দিকে। কিন্তু ড্রামের মুখ সিমেন্ট দিয়ে আটকানো ছিল। আর তখনই সন্দেহ দানা বাঁধে। নাকে আসে পচা গন্ধ। এরপরই ড্রামের মধ্যে থেকে উদ্ধার হয় মহিলার পচাগলা দেহ। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা অধীনে জগৎপুর বাজার এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক গোপাল মুখোপাধ্যায়ের জগৎপুর বাজার সংলগ্ন একটি বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। সেই বাড়ির তিনতলার ঘরের শৌচালয় থেকেই মহিলার দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এদিন বাড়ির মালিক ডাক্তার গোপাল মুখোপাধ্যায় বাড়ি পরিষ্কার করতে এসে দেখেন, বাথরুমের মধ্যে একটি ড্রাম রয়েছে। যার ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো। আর তখনই তাঁর নাকে আসে পচা গন্ধ।
দ্রুত বাগুইআটি থানায় যান বাড়ির মালিক। পুলিশ এসে কাটার দিয়ে ড্রামের মুখ কেটে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ড্রামের মধ্যে মহিলার মৃতদেহ রেখে তার মধ্যে সিমেন্ট গুলে মুখ বন্ধ করে দেওয়া হয়। মৃতদেহ থেকে পচা গন্ধ যাতে বাইরে না বেরোয় তার জন্যই ড্রামের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও গোয়েন্দা শাখার পুলিশ। মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সম্প্রতি কেউ নিখোঁজ হয়েছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। খুন করে দেহ লোপাটের জন্য এই কাজ করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ ইতিমধ্যেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। সেক্ষেত্রে কারা কারা ভাড়া থাকতেন, ওই বাড়িতে কাদের যাতায়াত ছিল, ঘরের চাবিই বা কার কাছে ছিল সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।