
মিঠুন চক্রবর্তী
শেষ আপডেট: 7 November 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: ফের মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন দেওয়া হল। উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ তুলে মিঠুনের বিরুদ্ধে ডেপুটেশন স্থানীয়দের। এই ঘটনায় গতকাল বিধাননগর দক্ষিণ থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। এফআই আর করে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
গত ২৭ অক্টোবর অমিত শাহের সামনে, সভায় দাঁড়িয়ে অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তীর দেওয়া বক্তৃতা নিয়ে গত কয়েকদিন ধরে ওয়াকিবহাল মহলে জোর চর্চা হয়েছে সেইসব নিয়ে। মঞ্চে পরপর মিঠুন যেসব কথা বলছিলেন, রাজনীতিকরা তাকে হেট স্পিচ-এর বাইরে কিছু বলতে চাননি।
মিঠুন বলেছিলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি, সব করব। এই সবকিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। এদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। একদিন আসবে, আমি তোমাকে কেটে, ভাগীরথীতে নয়, ভাগীরথী পূণ্য মা। কিন্তু তোমাকে তোমার জমিতেই কেটে ফেলব।'
শুধু তাই নয়, তিনি বলেন 'আমাদের বাগানের একটা ফল ছিঁড়লে, আমরা চারটা ছিঁড়ব।' আর এহেন বক্তব্যকেই রাজনৈতিক আলোচকরা উস্কানিমূলক মন্তব্য হিসেবেই দেখছেন। ঘটনায় সোমবার বিধাননগর সাউথ থানায় কৌশিক সাহা নামের এক ব্যক্তি আগেই অভিযোগ দায়ের করেছিলেন। এবার জোড়াসাঁকো থানায় ডেপুটেশন জমা পড়ল।