
গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 22 March 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শনিবার সন্ধেয় ইডেন গার্ডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। এদিকে শুক্রবার সন্ধে থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া।
বৃষ্টিতে কি উদ্বোধনী ম্যাচ ভেস্তে যেতে পারে? সরাসরি হ্যাঁ কিংবা না তে উত্তর দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। দমকা হাওয়া সহ বজ্রঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন শহরের সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকবে।
তবে ঝড় বৃষ্টির দৌলতে উধাও গরমের দাপট। উল্টে এক ধাক্কায় তাপমাত্রা কমে গিয়েছে ৬ ডিগ্রি। যার জেরে ফিরেছে খানিকটা শীতের শিরশিরানি। তবে সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে, এবং পরবর্তী দুই-তিন দিনের মধ্যে 'চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে' বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
শনিবার কলকাতা সহ দুই বঙ্গের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি হবে। ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে দক্ষিণবঙ্গের চার জেলা— বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে। এই চার জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এখানে ঘন্টায় ঝড়ের গতিবেগ থাকবে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।