
বড়দিন উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 19 December 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: হাতে গোনা আর মাত্র ক'দিন বাকি বড়দিনের। আর বড়দিন মানেই পার্কস্ট্রিট। আলোর রোশনাইয়ে সেজে ওঠে শহরের এই অন্যতম জায়গা। এই আবহে বৃহস্পতিবার বিকেলে অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সংস্কৃতি, সম্প্রীতির কথা মনে করিয়ে দিয়ে তাঁর কথায় উঠে এল আম্বেদকর প্রসঙ্গ।
গত মঙ্গলবার সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলছিল। সেই সময়ই অমিত শাহ বিরোধীদের খোঁচা দিতে গিয়ে মন্তব্য করেন, ''এখন একটা ফ্যাশন হয়েছে বারবার আম্বেদকর আম্বেদকর নাম নেওয়া। কিন্তু আম্বেদকরের প্রতি আপনাদের কী অনুভূতি? এতবার ভগবানের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত।'' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই হই হট্টগোল শুরু হয় রাজ্যসভায়।
অ্যালেন পার্কের অনুষ্ঠানে সে কথা উল্লেখ করে মমতা বলেন, 'কলকাতা হল কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতা সম্প্রীতিরও। সম্প্রীতির বার্তাবাহক আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তাতে আমি স্তম্ভিত। ক্রিসমাস মানে আনন্দ, শান্তি, একতা। ২৫ ডিসেম্বর ন্যাশনাল হলিডে। সেই ছুটি কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে। আমাদের রাজ্য তা করে না। করবেও না।'
এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকর মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন মমতা। বলেছিলেন, অমিত শাহ আপত্তিকর মন্তব্য করেছেন তাও আবার গণতন্ত্রের মন্দিরের মধ্যে বসেই। এই মন্তব্য শুধু আম্বেদকরকেই নয়, তাঁকে যাঁরা মেনে চলেন, তাঁর ভাবধারায় যাঁরা চালিত হন, তাঁদেরকেও অপমান করেছে।
বিজেপি যে জাতপাত নিয়ে রাজনীতি করে সেই অভিযোগ আগে থেকেই করে এসেছে তৃণমূল। আম্বেদকর নিয়ে অমিত শাহর মন্তব্য শোনার পর সেই একই কথা আবারও অ্যালেন পার্কের অনুষ্ঠানে বললেন মমতা।