
বিজেপির শেয়ার করা ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 28 August 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছিল শহরে। তবে বিকেলের পর বিজেপির ডাকা লালবাজার অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। যে ছাত্র সমাজের সদস্যরা 'নবান্ন চলো'র ডাক দিয়েছিল, তাঁরা লালবাজার যাওয়ার পরিকল্পনাও করে। তারপরই শহরের একাধিক মেট্রো স্টেশনে শুরু হয় ধরপাকড়। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা কৌস্তুভ বাগচী কলকাতা পুলিশের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যাতে তাঁদের অস্বস্তি বেড়েছে।
কলকাতা মেট্রোর একাধিক স্টেশনে মঙ্গলবার জমায়েত হয়েছিল। তবে কলকাতা পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে সেই জমায়েত সরিয়েছে। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে, এক আন্দোলনকারীকে হকি স্টিক দিয়ে মারছে পুলিশ! বিজেপি নেতা কৌস্তুভ বাগচী এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'গুন্ডাগিরি করছে কলকাতা পুলিশ। আইনশৃঙ্খলা ভঙ্গের চূড়ান্ত উদাহরণ।' কৌস্তভ যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, মেট্রো স্টেশনের মধ্যে এক যুবককে মাটিতে ফেলে হকি স্টিক দিয়ে মারছেন কলকাতা পুলিশের দুই অফিসার।
Lawlessness at its peak!
— Koustav Bagchi - Official (@koustavcp) August 27, 2024
Gundagiri of @KolkataPolice within the railway premises, inside Central Metro Station.
Surprisingly police using a hockey stick to assault a BJP karyakarta.#দফাএকদাবিএকমুখ্যমন্ত্রীরপদত্যাগ #hirokranibyebye #BanglarLojjaMamata pic.twitter.com/xiCxGTUNuo
বিজেপির দাবি, ওই ব্যক্তি বাপি প্রামাণিক নামের ওই ব্যক্তি নদিয়ার কালীগঞ্জে জেলা পরিষদ আসনে লড়েছিলেন। বাপি বিজেপির যুব মোর্চার নদিয়া উত্তরের সাধারণ সম্পাদকও। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যেহেতু মেট্রো রেল কেন্দ্রীয় সরকারের অধীনে তাই সেখানে কলকাতা তথা রাজ্যের পুলিশ ঢুকে কী করে এইভাবে মারধর করল, তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্ন অভিযান করে আদতে বাংলায় দুষ্কৃতী তাণ্ডব করা হয়েছে বলে দাবি করেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। কলকাতা পুলিশের তরফেও একই অভিযোগ করা হয়েছে। তারপরই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়ে 'সন্ধান চাই' বলে পোস্ট করে পুলিশ। অভিযোগ, ছবিতে যাদের দেখা যাচ্ছে তারাই মঙ্গলবার দুষ্কৃতী তাণ্ডবের সঙ্গে জড়িত।
পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় ২১টি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে কাউকে দেখা যাচ্ছে কমলা ওড়না পরে রয়েছেন, কেউ হাতে ইট তুলে আছেন। একই সঙ্গে, বেশ কয়েকজন পুলিশকে মারতে উদ্যত হয়েছেন। পুলিশ আমজনতার সাহায্য চেয়েছে এই ব্যক্তিদের ধরার জন্য।