.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 30 December 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বদলে গেল স্টার থিয়েটারের নাম। বোর্ড বদলে লাগানো হল বিনোদিনী থিয়েটার।
এদিন সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রেক্ষাগৃহের নামকরণ হতে চলেছে বিনোদিনীর নামে। এরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করে নাম পরিবর্তনের নির্দেশকে কার্যকর করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যে স্টার থিয়েটারের নাম পরিবর্তননের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পুরসভা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হেরিটেজ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার বলেন, স্টার থিয়েটারের নাম আসলে নটি বিনোদিনী নামের নামকরণ হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে তার নামের বদলে স্টার থিয়েটার করা হয়েছিল।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরই আমরা সঙ্গে সঙ্গে তা কার্যকরী করেছি।
প্রসঙ্গত, বিনোদিনী আর স্টার থিয়েটার নাম দু'টি মানুষের মনে সমার্থক হয়ে আছে দীর্ঘদিনই। বহর এমনই তার তলায় চাপা পড়ে যায় তথ্যের প্রমাণও।
কারণ, হাতিবাগানের স্টার থিয়েটার কিন্তু বিনোদিনীর টাকায় গড়া নয়। সেখানে তিনি অভিনয়ও করেননি কখনও। বিনোদিনীর স্টার থিয়েটারটি ছিল বিডন স্ট্রিটে। ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি হওয়ার সময় সেটি অবলুপ্ত হয়।
কিন্তু বিনোদিনী আর স্টারের একত্র নাম-মাহাত্ম্য এমনই যে, পরবর্তী কালে হাতিবাগানের স্টার থিয়েটারের সঙ্গেও মানুষ বিনোদিনীর স্মৃতি সংযুক্ত করে এসেছেন।