
শেষ আপডেট: 18 January 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন আগামী ২২ জানুয়ারি হাজরা মোড় থেকে পার্ক সার্কাসে পর্যন্ত শাসকদল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্প্রীতি মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
এ ব্যাপারে আপত্তি জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুনানির পর শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে বেঞ্চ।
আদালত জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মিছিল করতে হবে। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরপত্তা দেখবে কলকাতা পুলিশ। বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি জানানো হয়েছিল, তাও খারিজ করে আদালত জানিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই।
তবে প্রধান বিচারপতির নির্দেশ, সম্প্রীতি মিছিল থেকে কোনওউস্কানি মূলক বক্তব্য রাখা যাবে না। মিছিল করতে হবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের যেন কোনও অসুবিধা না হয়।
এদিকে আগামী ২২ জানুয়ারি কলকাতা শহরে একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি।
কলকাতার অন্তর্গত গড়ফা, যাদবপুরের পূর্বাচল, শকুন্তলা পার্ক, পোস্তা গণেশ টকিজ ও ভবানীপুরে ২২ জানুয়ারি রাম পুজো এবং মিছিলের অনুমতি চেয়ে এদিন বিজেপির তরফে হাইকোর্টে মামলা করার অনুমতি চান আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য এবং তরুণজ্যোতি তিওয়ারি। আদালত আবেদন গ্রহণ করেছে। শুক্রবার এই মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।
এদিকে উত্তর কলকাতার ঋষি অরবিন্দ পার্কে ২২ জানুয়ারি রামপুজোর অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছে। একই দিনে সংশ্লিষ্ট এলাকায় ফুটবল টুর্নামেন্ট থাকায় রাজ্যের তরফে আপত্তি জানানো হয়। কলকাতা পুরসভাকে মামলায় যুক্ত করার নির্দেশ আদালতের। পুরসভাকে কপি দেওয়ার জন্য মামলাকারীকে নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল ফের মামলার শুনানির সম্ভাবনা।