দ্য ওয়াল ব্যুরো: হাড় জিরজিরে চেহারা। ক্লান্ত। ব্রিগেডের ঘাস ছাড়া আর কিচ্ছু খাওয়ার নেই। ধুঁকতে ধুঁকতে রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রায়ই প্রাণ চলে যায়। কলকাতা ময়দানে এমন মালিকানাহীন বেওয়ারিশ ঘোড়ার সংখ্যা নেতাহ কম নয়। এঁদের কী হবে? এই প্রশ্নেই কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বেওয়ারিশ ঘোড়াদের বিষয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে মৌখিক ভাবে জানানো হয়, ময়দানে যত্রতত্র ঘুরেবেড়ানো অনেক ঘোড়ার মালিকানা নেই। অনেক সময়ই গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। খাবারের অভাবে তারা অসুস্থ হয়ে পড়ছে। লাল্বাজার আদালতকে জানিয়েছে, কোনও স্বেচ্ছাসেবী সংগঠন এদের পরিচর্যার জন্য এগিয়ে এলে কলকাতা পুলিশ তাদের সহযোগিতা করবে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, এই ঘোড়াদের বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে কলকাতা পুলিশকে।কত এই রকম ঘোড়া আছে, তাদের কী অবস্থা, এই বেওয়ারিশ ঘোড়াগুলিকে সঠিক ভাবে সুরক্ষা দিতে গেলে কী করতে হবে সে ব্যাপারে লালবাজারের পরিকল্পনা কী তা রিপোর্ট আকারে চেয়েছে আদালত। ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।