দ্য ওয়াল ব্যুরো: খুঁজে পাওয়া যাচ্ছে না পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি। জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে এই ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পরে গিয়েছে। শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সদস্য রামচন্দ্র দাশ মহাপাত্র বলেন, গত ৪ এপ্রিল কমিটির বৈঠকে প্রথম বলা হয়, রত্নভান্ডারের ভিতরের কক্ষের চাবির খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
ভারতের ধনীতম মন্দিরগুলোর মধ্যে একটি হল পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দিরে রয়েছে দু'টি রত্নভাণ্ডার। ভিতর ভাণ্ডার এবং বাহার ভাণ্ডার। দু'টি রত্নভাণ্ডারেই রয়েছে ৭টি করে কক্ষ। প্রথম দুটি ঘর হল বাইরের কক্ষ। বাকী ৩টি কক্ষকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ।
জানা গিয়েছে, ১৯৮৪ সালে রত্ন ভাণ্ডারের সাতটি কক্ষের মধ্যে মাত্র তিনটি খোলা হয়েছিল পরিদর্শন করার জন্য। এর ৩৪ বছর পর এ বছর ৪ এপ্রিল ওড়িশা হাইকোর্টের নির্দেশে ১৬ সদস্যের একটি দলের ওই রত্নভাণ্ডারে প্রবেশ করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কথা ছিল। পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একদল বিশেষজ্ঞেরও রত্নভাণ্ডারের কাঠামো পরীক্ষা করে দেখা কথা ছিল। কিন্তু চাবি না থাকায় কোনও দলই প্রবেশ করতে পারেননি জগন্নাথ মন্দিরের ওই রত্নভাণ্ডারে।