
শেষ আপডেট: 10 December 2022 11:50
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। কিন্তু তার পরিণতি যে এমন হবে তা প্রতিবেশীরা ভাবতেই পারেননি। অভিযোগ, প্রথমে অসুস্থ শ্বশুর ও পরে স্বামীকে খুন (Kanpur Murder) করে এক তরুণী। ঘটনার তদন্তে নেমে এমন কিছু তথ্য সামনে এসেছে যা দেখে পুলিশও হতবাক হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের কল্যাণপুর এলাকায়। এখানেই স্বামী ও শ্বশুরের সঙ্গে থাকত স্বপ্না নামে এক তরুণী। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় সে। তারপরই স্বামী ঋষভ তিওয়ারিকে (২৭) ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকে স্বপ্না।
এই অশান্তির জেরেই গত মাসে প্রথমে শ্বশুরকে ওষুধের ওভারডোজ খাইয়ে খুন করে স্বপ্না। তারপর স্বামীকে খুন করার ছক কষে সে। প্রেমিকের সঙ্গে মিলে শলাপরামর্শ করে কীভাবে খুন করবে তা ঠিক করতে থাকে। সিরিয়াল দেখেই মাথায় খুনের ছক কষে ফেলে স্বপ্না। প্রেমিকের সঙ্গে মিলে তিন লাখের বিনিময়ে সুপারি কিলার ঠিক করে।
গত ২৭ নভেম্বর পরিকল্পনামাফিক ঋষভের ওপর হামলা হয়। কিন্তু ভাগ্য ভাল থাকায় প্রাণে বেঁচে যান তিনি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাড়ি ফেরেন পয়লা ডিসেম্বর। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি। শ্বশুরের মতোই ঋষভকেও ওষুধের কড়া ডোজ দিয়ে খুন করে স্বপ্না।
পুলিশ তদন্তে নেমে এমন সব তথ্য পাওয়ার পরেই গ্রেফতার করে স্বপ্না ও তার প্রেমিককে। তাদের মোবাইল ঘেঁটে খোঁজ পায় আর একজনেরও। পুলিশ তাকেও গ্রেফতার করে। পুলিশের অনুমান ঋষভের ওপর হামলা সেই ঘটিয়েছে।
পুলিশি জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে ওই তরুণী। জানায়, খুন করার পর সম্পত্তি বিক্রি করে প্রেমিককে বিয়ে করে অন্য জায়গায় থাকার পরিকল্পনা ছিল তার। সেই মতোই স্বামী ও শ্বশুরকে হত্যা করার কথা ভাবে। ক্রাইম সিরিয়াল দেখে খুন ও খুনের প্রমাণ লোপাটের ছক কষে সে।
স্বামী ঝুলছেন গাছ থেকে, অদূরেই পড়ে স্ত্রীর নিথর দেহ! বিয়েবাড়ি থেকে ফেরার পথে দম্পতির রহস্যমৃত্যু