দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কিং ব্যবস্থার প্রতি গ্রাহকদের অনাস্থা আনছে কল্যাণ জুয়েলার্সের নতুন বিজ্ঞাপন। ব্যাঙ্কিং ইউনিয়ন এআইবিওসি এমন অভিযোগই এনেছিল ওই গয়না সংস্থার বিরুদ্ধে। আর এর পরেই অমিতাভ বচ্চন এবং শ্বেতা নন্দা অভিনীত ওই বিজ্ঞাপনটি তুলে নিল কল্যাণ জুয়েলার্স।
দিন পাঁচেক আগে একসঙ্গে পর্দায় এসেছিলেন বাবা-মেয়ে। অমিতাভ বচ্চন এবং শ্বেতা নন্দা। কল্যাণ জুয়েলার্সের হয়ে বিজ্ঞাপন করেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রশংসাও পেয়েছিল এই বিজ্ঞাপন। বিগ বি'র পাশপাশি দর্শকদের নজর কেড়েছিল শ্বেতা নন্দার সাবলীল অভিনয়ও।
কিন্তু মুক্তির পাওয়ার পরেই বিতর্ক শুরু হয় এই বিজ্ঞাপন নিয়ে। একটি দৃশ্যে দেখানো হয়েছে অমিতাভের পেনশন অ্যাকাউন্টে দু'বার টাকা জমা পড়ে গিয়েছে। আর সেই টাকাই ব্যাঙ্কে ফেরত দিতে এসেছেন তিনি। কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার প্রাথমিক ভাবে তা নিতে অস্বীকার করেন। আর এই দৃশ্য নিয়েই প্রবল আপত্তি জানিয়েছে ব্যাঙ্কিং সংস্থা এআইবিওসি। তাদের দাবি এ ধরণের দৃশ্য দেখনোয় ব্যাঙ্কের প্রতি আস্থা হারাবেন গ্রাহকরা। এআইবিওসি-র জেনারেল সেক্রেটারি সৌম্য দত্ত জানিয়েছেন, এই বিজ্ঞাপনে ব্যবহৃত বেশ কিছু শব্দ গোটা ব্যাঙ্কিং ব্যবস্থার প্রতি গ্রাহকদের অনাস্থা এনে দিতে পারে। কল্যাণ জুয়েলার্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার হুমকিও দেয় এই সংগঠন।
এরপরেই নড়েচড়ে বসে ওই গয়না সংস্থা। ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়ে কল্যাণ জুয়েলার্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা কিংবা ব্যঙ্কের উপর গ্রাহকদের আস্থা-কোনও বিষয়কেই আঘাত করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। এটা কেবলমাত্র একটা বিজ্ঞাপন। তবে এই বিজ্ঞাপন দেখে কারোর ভাবাবেগে আঘাত লাগলে তার জন্য দুঃখ প্রকাশও করেছে ওই জুয়েলারি সংস্থা। এমনকী বিজ্ঞাপনটি তুলেও নিয়েছে কল্যাণ জুয়েলার্স।