
মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও মদন মিত্র।
শেষ আপডেট: 20 November 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: ফের স্বমহিমায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনও রাখ ঢাক না রেখে দলেরই একাংশ সতীর্থকে 'দল ছেড়ে তারপরে বড় বড় বুলি আওড়ানো'র চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।
কল্যাণের কথায়, "যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা হারাচ্ছেন বা কনফিডেন্ট হারাচ্ছেন তাঁরা দল ছেড়ে দিক! এত বড় বড় কথা মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়াক, তারপরে দেখব!"
এদিন এক সাক্ষাৎকারে দ্য ওয়ালকে একথা বলেন কল্যাণ। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও একই কথা বলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
তিনি এও বলেন, "যারা বড় বড় কথা বলছেন, তাঁদের মধ্যে কেউ রোজভ্যালি কেউ সারদায় অভিযুক্ত। কেউ কেউ এখনও পর্যন্ত জেলে রয়েছে। তৃণমূল কংগ্রেসের জার্সি পড়ে কেউ জেলে থাকবে সেটা কি ভাল দেখায়?" তৃণমূলের সাংসদ-আইনজীবীর এমন প্রতিক্রিয়া ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
এই যাঁরা বলতে কাদের উদ্দেশ্য করে বলেছেন? দ্য ওয়ালের প্রশ্নের জবাবে কল্যাণ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিশানা করেছেন।
হঠাৎ কেন দলের একাংশ সতীর্থকে এভাবে প্রকাশ্যে আক্রমণ করলেন কল্যাণ?
প্রসঙ্গত, গত শুক্রবার কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরের দিন কলকাতা পুলিশের সমালোচনায় সরব হন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদের সুরে সুর মিলিয়ে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সৌগত রায়, হুমায়ুন কবীররা। ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তিনিই পুলিশ মন্ত্রী।
ফিরহাদ-সৌগতদের বয়ানকে সামনে রেখে বিরোধীদের তরফে কটাক্ষের সুরে বলা হচ্ছে, 'পুলিশের প্রতি আস্থা রাখতে পারছেন না শাসকদলের নেতারাই। বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা শোচনীয়, তা এ ঘটনা থেকেই স্পষ্ট।'
পর্যবেক্ষকদের অনেকের মতে, এ কারণেই ফিরহাদ, সৌগতদের নিশানা করেছেন কল্যাণ। অন্যদিকে মঙ্গলবারই কল্যাণের সমালোচনায় সরব হন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রোজভ্যালী মামলায় নাম রয়েছে মদনের। ফলে কল্যাণ মদনকেও ইঙ্গিত করেছেন।
'কল্যাণ বন্দ্যোপাধ্যায় অস্তমিত সূর্য। তাঁর কেরিয়ার একেবারেই শেষের পথে।' বলে এদিনই আক্রমণ শানিয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুরও। কল্যাণের নিশানায় এই যুব নেতাও রয়েছেন। তবে কল্যাণের মন্তব্যের জেরে সৌগত, ফিরহাদ, মদন কিংবা তৃণাঙ্কুরের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। প্রতিক্রিয়া সামনে এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে। এখন দেখার কল্যাণের প্রতিক্রিয়া নিয়ে তাঁরা কী বলেন।