
শেষ আপডেট: 1 December 2023 12:53
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশের পরও দু'মাস অতিক্রান্ত। এখনও তা কার্যকর করা হয়নি। ফলে চাকরির পরীক্ষা থেকে বঞ্চিত এক চাকরিপ্রার্থী। বিষয়টি জানতে পেরে কড়া পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি, চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। শুক্রবার বিকেল ৩টে ২০ মিনিটের মধ্যে আদালতের পূর্ব নির্দেশ মানতে হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন বিচারপতি।
সূত্রের খবর, বিচারপতির এমন নির্দেশ সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। বিচারপতির দেওয়া পূর্বতন নির্দেশ দ্রুত কার্য়করী করার তৎপরতা শুরু হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের টেটে অংশ নেন প্রাথমিকের চাকরিপ্রার্থী পল্লব বারিক। ওই পরীক্ষায় তিনি পাশ করেননি বলে জানায় পর্ষদ। আবার গত বছর পর্ষদ জানায় টেটে পাশ করেছেন ওই পরীক্ষার্থী। তিনি ৯২ শতাংশ নম্বর পেয়েছেন। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পল্লব। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই চাকরিপ্রার্থীকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন।
আদালতের পর্যবেক্ষণ, দু'মাসের বেশি সময়েও আদালতের নির্দেশ কার্যকর করেনি পর্ষদ। পর্ষদের উদ্দেশে বিচারপতি জানান, "পর্ষদ ইচ্ছাকৃত ভাবে কেন আদালতের নির্দেশ কার্যকর করেননি। তাই শুক্রবারই নির্দেশ কার্যকর করতে হবে। চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ না মানলে গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে।" এব্যাপারে অবশ্য পর্ষদের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।