.webp)
স্বাস্থ্যভবনের অবস্থান থেকে রাত দখলের ডাক
শেষ আপডেট: 14 September 2024 12:53
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। বিক্ষোভে, চিৎকার শোনা যাচ্ছে, 'উই ওয়ান্ট জাস্টিস'। ১৪ অগস্ট 'রাত দখলে' নেমেছিলেন মানুষ। ঘটনার পর ৩৫ দিন কেটে গেছে। এর মধ্যেই একাধিকবার বিচারের দাবিতে রাত দখল হয়েছে শহরে-জেলায়।
তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগ-সহ পাঁচ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তুমুল বৃষ্টি মাথায় করে সেখান থেকেই ফের রাত দখলের ডাক দিলেন তাঁরা।
শনিবার তাঁদের এই অবস্থানের পঞ্চম দিন। বৃষ্টি মাথায় নিয়েই ধরনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে বাঁশ দিয়ে ত্রিপল তো বটেই সাধারণ মানুষ খাটের ব্যবস্থাও করছেন তাঁদের আন্দোলনকে সংহতি জানিয়ে।
এরপরই জুনিয়র ডাক্তাররা সাফ জানিয়েছেন, তাঁদের আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। অভিযোগ করেছেন, 'আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যম চেষ্টা চালাচ্ছে।'
তাঁরা জানালেন, চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার একমাস পার করে যাওয়ার পর ফের বিচারের দাবিতে রাত দখল করবেন তাঁরা। আহ্বান জানালেন, ‘রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য ফাইট এবং রিক্লেম দ্য রাইটের’ জন্য আবার কলকাতা শহরের রাস্তা আপনারা মুখর করে তুলুন, এটাই আমাদের আবেদন।’
ডাক্তারা বলেছেন, তাঁরা এখনও বিশ্বাস করেন, আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে। যদিও বৃহস্পতিবার ৩২ জনের প্রতিনিধি দল নবান্নে বৈঠক করতে গেলেও স্রেফ লাইভ স্ট্রিমিং-এর কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়নি।