দ্য ওয়াল ব্যুরো: ভারতের দুই প্রদেশকে মানচিত্র থেকেই বাদ দিয়ে দিল টুইটার। জম্মু কাশ্মীর আর লাদাখ এই দুই এলাকাকে ভারতের মূল মানচিত্রের বাইরে আলাদা রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে টুইটারের একটি বিভাগে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
জানা গেছে, টুইটারের 'টুইপ লাইফ' অংশে বিতর্কিত এই মানচিত্র রয়েছে। সেখানে ভারতের সীমানার বাইরে রাখা হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে। এদিন জনৈক টুইটার ব্যবহারকারী এই বিতর্কিত মানচিত্রটি সামনে এনেছেন। তাঁর টুইটে অনেকেই ক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট বাক্সেও ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
সূত্রের খবর, এমন বিভ্রান্তকারী মানচিত্র প্রদর্শন করায় টুইটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে ভারত সরকার। এমনিতেই বেশ কয়েকটি বিষয়ে টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত চলছে। বিশেষত ডিজিটাল আইন নিয়ে সংঘাত তীব্রতর হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসেই নয়া ডিজিটাল বিধি জারি করে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার অপপ্রয়োগ আটকাতে একগুচ্ছ নির্দেশিকাও দেওয়া হয়। তার মধ্যে বিতর্কিত কিংবা অপরাধমূলক পোস্টের বাড়বাড়ন্ত বন্ধ করতে তিন ধরনের অফিসার নিয়োগের কথা বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টুইটার কর্তৃপক্ষ শর্তপূরণে কোনও গা করেনি৷ যার জেরে বাধ্য হয়ে চলতি মাসের গোড়ায় কেন্দ্র চূড়ান্ত চিঠি পাঠায়। এরপর টুইটার দু'জন আধিকারিক নিয়োগ করলেও বিতর্ক থামেনি। তাদের যাবতীয় পদক্ষেপে আসন্তোষ জানিয়ে ফের সতর্ক করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।
টুইটার আর কেন্দ্রের এই দড়ি টানাটানির মাঝেই ফের একবার হাওয়া গরম করল ভারতের ভুল মানচিত্র। এ নিয়ে এখন জল কতদূর পর্যন্ত গড়ায়, সেটাই দেখার।