
শেষ আপডেট: 13 March 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: নাম ঘোষণার পর পেরিয়ে গেল চারদিন। তবুও এখনও সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনকে। তিনি নিজে প্রচারে বেরোনোর অপেক্ষা করছেন। কিন্তু দলের তরফে তেমন কোনও উদ্যোগ এখনও নেওয়া হয়নি বলেই জানালেন তিনি।
জানা গেল, প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই আর জেলা সভাপতি দুলাল হাঁসদার সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। তাঁর ফোন বন্ধ। কালীপদবাবুর বক্তব্য, হয়তো পারিবারিক কারণে ফোন বন্ধ রয়েছে। কারণ অতি সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভাইয়ের। জেলার সামান্য কিছু অংশে দেওয়াল লিখন হয়েছে। প্রচারে ঝড় তোলার এখনও অনেকটাই বাকি। তাই কিছুটা হতাশার সুর ধরা পড়ল প্রার্থীর গলায়।
কালীপদবাবু বললেন, "তিনি দলে নতুন মানুষ। যারা দীর্ঘদিন ধরে দলটা করছেন প্রচারের বিষয় তো তাঁরাই দেখবেন। হয়তো সবাই মিলে বসে এখনও ঠিক করা হয়নি।" বুধবারই বিষয়টা নিয়ে বৈঠক ডেকেছেন দলের জেলা সভাপতি দুলালবাবু। এই বৈঠকেই রূপরেখা ঠিক হবে প্রচারের।
অন্যদিকে বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও তাদের মণ্ডল অনুযায়ী চারটি করে দেওয়াল লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছে বিজেপি। দলের জেলা সভাপতি তুফান মাহাত একাধিক টিম তৈরি করে প্রধানমন্ত্রীর প্রণাম পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। এলাকার মানুষজন বলছেন, তৃণমূলের নাম ঘোষণা হলেও প্রচার এখনও চোখে পড়েনি। বিজেপির প্রার্থীর নাম ঘোষণা না হলেও প্রচারে কিন্তু তারাই এগিয়ে।