
দিঘায় ভেসে এল জগন্নাথের মূর্তি।
শেষ আপডেট: 20 April 2025 20:31
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলে দিঘার মাইতি ঘাটে সমুদ্রের জলে ভেসে উঠল জগন্নাথদেবের একটি কাঠের মূর্তি। হঠাৎ এই অলৌকিক দৃশ্য দেখে চমকে ওঠেন নির্মাণকাজে ব্যস্ত শ্রমিকেরা, এরপর খবর ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও সৃষ্টি হয় চাঞ্চল্য ও ধর্মীয় আবেগ। সবাই ছুটে আসেন ওই মূর্তিটিকে একবার দেখার জন্য।
জানা গেছে, মাইতি ঘাটে একটি নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল। হঠাৎ মিস্ত্রিদের চোখে পড়ে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসা একটি কাঠের মূর্তি। তাঁরা সঙ্গে সঙ্গে সেটিকে তুলে পাড়ে নিয়ে আসেন। খুব দ্রুতই এই ঘটনাটি ছড়িয়ে পড়ে সমগ্র সৈকত শহরে। পাড়ে আনা মূর্তিটি দেখে এলাকাবাসীর মধ্যে বিস্ময় এবং ভক্তিভাব ছড়িয়ে পড়ে।
এখানেই শেষ নয়। আসন্ন ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মাইতি ঘাটের কাছেই একটি নতুন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের কথা রয়েছে। আর ঠিক সেই মন্দিরের সামনের ঘাটেই জগন্নাথদেবের এই কাঠের মূর্তি ভেসে ওঠায় রহস্য ও ধর্মীয় তাৎপর্য যেন আরও গাঢ় হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা ও তীর্থযাত্রীরা একে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, এটি কোনও সাধারণ ঘটনা নয়—এ যেন ভগবান নিজেই তাঁর আগমনবার্তা দিলেন নতুন মন্দিরের আগে। কেউ কেউ মনে করছেন, এটি কোনও অজ্ঞাত উৎস থেকে ভেসে আসা মূর্তি হলেও, যে ভাবে ও যে সময়টিতে এটি মিলল, তাতে এটিকে 'দৈব ইঙ্গিত' হিসেবে না দেখে উপায় নেই।
স্থানীয় প্রশাসন মূর্তিটিকে আপাতত সুরক্ষিতভাবে রাখা হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষ এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে একটি পূর্ণাঙ্গ তদন্ত ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।