
শেষ আপডেট: 22 August 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student death) আন্দোলিত সমাজ। জুনিয়রদের ওপর সিনিয়রদের অত্যাচারকে ঘিরে সরগরম বাংলা। এবার যাদবপুর ইস্যুতে মুখ খুলতে শুরু করলেন নামী প্রতিষ্ঠান সংলগ্ন পোদ্দারনগর এলাকার বাসিন্দারা। অভিযোগের সুরে তাঁরা বলছেন, এক যুগ পরেও বিশেষ কোনও বদল ঘটেনি যাদবপুরের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদিকে যাদবপুর থানা। অন্যদিকে পোদ্দারনগর। ঠিক কী হয়েছিল এক যুগ আগে এই তল্লাটে? বাসিন্দারা জানাচ্ছেন, সেটা ২০০৯ সাল। পোদ্দারনগরের পাশেই যাদবপুরের মেন হস্টেল। রাতে বিতেও শান্তিতে ঘুমের জো ছিল না। মেয়ে দেখলেই অশ্লীল ভাষায় কবিতা আউড়াতো ওরা। রাতের বেলা মদ খেয়ে খালি বোতল ছুড়ে ফেলত এলাকায়। এই নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা না হওয়ায় বেয়াড়া কয়েকজন পড়ুয়াকে সেসময় এলাকায় ধরে ‘উচিত শিক্ষা’ দিয়েছিলেন এলাকারই একাংশ বাসিন্দা।
২০০৯ থেকে ২০২৩। ক্যালেন্ডারে ১৪ বছর পেরিয়ে গেলেও যাদবপুরের একাংশ পড়ুয়ার উশৃঙ্খল জীবন যাপনের বিশেষ বদল ঘটেনি বলেই দাবি পোদ্দারনগরের একাংশ বাসিন্দার। তাঁরা বলছেন, এখনও একাংশ পড়ুয়ার মধ্যে দেখা যায় চরম অসভ্যতা। এখনও পাড়ার মেয়ে দেখলে টোন টিটিকরি করে। ক্রিকেট খেলার নামে ইচ্ছে করে জানলা টার্গেট করে বল ছোড়ে।
বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষ থেকে পুলিশ সবাইকে জানিয়েও কোনও লাভ হয় না। এমনকী গত ৯ অগস্ট যে অভিশপ্ত রাতে পড়ুয়া মৃত্যুর অভিযোগ উঠেছে, সেই রাতের প্রসঙ্গেও পোদ্দারনগরের একাংশ বাসিন্দার দাবি, এখানে প্রতিরাতেই সিনিয়রদের ব়্যাগিং চলে।
আরও পড়ুন: ‘যাদবপুর আমাদের চোখ খুলে দিল’, কলকাতা পুলিশের র্যাগিং বিরোধী হেল্পলাইনে বললেন মুখ্যমন্ত্রী