ভিয়েনার ছয় জায়গায় জঙ্গি হানা, এলোপাথাড়ি গুলিতে জখম বহু, খতম আততায়ী
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ জঙ্গি হামলার শিকার হল অস্ট্রিয়ার সবচেয়ে সুন্দর শহর ভিয়েনা। সোমবার সন্ধে থেকে ভিয়েনার ছ’টি জায়গায় তাণ্ডব চালাল বন্দুকবাজরা। এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল এক নাগরিকের। জখম বহু মানুষ। তবে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক আতত
শেষ আপডেট: 2 November 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ জঙ্গি হামলার শিকার হল অস্ট্রিয়ার সবচেয়ে সুন্দর শহর ভিয়েনা। সোমবার সন্ধে থেকে ভিয়েনার ছ’টি জায়গায় তাণ্ডব চালাল বন্দুকবাজরা। এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল এক নাগরিকের। জখম বহু মানুষ। তবে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক আততায়ীর খতম হওয়ার খবর মিলেছে।
ঘটনার সূত্রপাত গতকাল স্থানীয় সময় সন্ধে ৮টা নাগাদ। মধ্য ভিয়েনার সিনাগগের কাছে আচমকাই কান ফাটানো গুলির আওয়াজ শোনা যায়। তার পরেই আর্ত চিৎকার। ততক্ষণে আততায়ীদের গুলিতে জখম হয়ে লুটিয়ে পড়েছেন অনেকে। পুলিশ জানিয়েছে, মধ্য ভিয়েনার আরও ছ’টি জায়গায় একই সময় হামলা চালিয়েছে আততায়ীরা।
অস্ট্রিয়ার চান্সেলর সেবাস্টিয়ান কুর্জ বলেছেন, বছরের ভয়ঙ্করতম জঙ্গি হামলা হয়েছে ভিয়েনায়। আততায়ীরা নানা রকম আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ঘটনায় এক পুলিশ অফিসারেরও প্রাণ গিয়েছে।

গতকাল রাত থেকেই অস্ট্রিয়ায় ফের জারি হয়েছে লকডাউন। তার আগেই হামলা চালায় জঙ্গিরা। স্থানীয়দের বক্তব্য, সন্ধের পরেই বাজি ফাটানোর মতো আওয়াজ ভেসে আসছিল। সেই সঙ্গে চিৎকার-চেঁচামেচি। একটানা গুলি চালিয়ে যাচ্ছিল আততায়ীরা। সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলছিল। ৫০ রাউন্ডেরও বেশি গুলি চলেছে বলে দাবি স্থানীয়দের।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহমার বলেছেন, জঙ্গিরাই হামলা চালিয়েছে ভিয়েনায়। গোটা শহর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। শহরের নানা জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। নেহমারের দাবি, এক জঙ্গি নিকেশ হয়েছে পুলিশের গুলিতে। তবে আততায়ীরা সংখ্যায় অনেকজন ছিল। বাকিরা গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনায় বহু মানুষের আহত হওয়ার খবর মিলেছে। সঠিক সংখ্যা এখনও প্রশাসনের তরফে সামনে আনা হয়নি। মৃতের সংখ্যা বাড়ারও সম্ভাবনা রয়েছে।