
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 6 December 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ হলেও, গড়গড়িয়ে ইংরেজি বলতে গিয়ে অনেককেই বিপদে পড়তে হয়। শুধু কথা বলার মাধ্যম হিসেবে নয়, কেরিয়ারেও অনেক সুযোগ-সুবিধা নিয়ে আসে এই ভাষায় কথা বলতে পারার দক্ষতা। তাই স্পোকেন ইংলিশ (WB Police-Spoken English) শেখার জন্য বহু মানুষ অজস্র টাকা খরচ করে কোচিং সেন্টারে ভর্তি হন প্রায়ই।
এবার সেই দায়িত্বই নিতে চলেছে রাজ্য পুলিশ। তাদেরই উদ্যোগে নতুন বছরে শুরু হতে চলেছে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস। আর বাইরে গিয়ে মোটা টাকা খরচ করতে হবে না। বাড়িতে বসেই ইংরেজি ভাষা রপ্ত করতে পারেন সকলে। বিনামূল্যে। সৌজন্যে হুগলি গ্রামীণ পুলিশ।
বুধবার সকালেই রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেল পেজে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে। হুগলিবাসীদের জন্য এমনই সুযোগ নিয়ে এসেছে হুগলি (গ্রামীণ) জেলা পুলিশ। বিষয়টি অনলাইনে হলেও ভয়ের কিছু নেই। কারণ কীভাবে ভার্চুয়ালি স্পোকেন ইংলিশ শিখবেন, তার বিস্তারিত বিবরণও জানিয়ে দেওয়া হয়েছে ওই পোস্টে।
অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস, বিনামূল্যে
— West Bengal Police (@WBPolice) December 4, 2024
আগামী বছরের জানুয়ারি থেকে হুগলি(গ্রামীণ) জেলা পুলিশের উদ্যোগে শুরু হচ্ছে বিনামূল্যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস। পড়াবেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা।
কীভাবে যোগ দেবেন, সেই বিষয়ে সমস্ত তথ্য রইল সঙ্গের সংক্ষিপ্ত ভিডিওটিতে। @HglyRuralPolice pic.twitter.com/fq9u3TJcjR
এই প্রথম নয়। হুগলি গ্রামীণ পুলিশ গত কয়েক মাস ধরেই নানা জনমুখী কাজ করে এলাকার বাসিন্দাদের কাছে সমাদৃত। এবছরেই জুলাই মাসে আমজনতার সুবিধার্থে ই–জিডি পরিষেবা চালু করে হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত সব থানা। এই পরিষেবার ফলে, কোনও সমস্যায় পড়লে মানুষ বাড়িতে বসেই অনলাইনে অভিযোগ দায়ের করতে পারবেন, যেতে হবে না থানায়।
এতদিন এই পরিষেবা কলকাতায় সীমাবদ্ধ ছিল। কিন্তু জুলাই থেকে তা পেতে শুরু করেছেন হুগলিবাসীও। সৌজন্যে হুগলি গ্রামীণ পুলিশ। অনলাইনের মাধ্যমেই থানায় নথিভুক্ত করা যায় জেনারেল ডায়েরি। অনলাইনেই মেলে জিডি নম্বর। সুতরাং জেনারেল ডায়েরি নম্বর পাওয়ার জন্য আর সশরীরে থানায় হাজির হতে হয় না।
শুধু তাই নয়, সেপ্টেম্বর মাসে ভয়াবহ বন্যার সময়েও হুগলি গ্রামীণ পুলিশকে ত্রাতার ভূমিকায় দেখেছিলেন এলাকাবাসীরা। প্লাবিত এলাকায় লাগাতার স্পিডবোটে টহল দিয়ে তারা বিলি করতে থাকে ত্রাণ। বন্যাপ্লাবিত বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের উদ্ধারকার্য ও ত্রাণসামগ্রী সরবরাহের বিষয়ে পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করা হয়। তার কমেন্টে পুরশুড়া এলাকার এক বাসিন্দা যখন জানান যে বহু স্থানীয় মানুষ অভুক্ত অবস্থায় রাস্তার উপরে বসে আছেন। অনুপম অনুরোধ করেন যদি পুলিশের তরফে কিছু সাহায্য করা যায়।
সেই কমেন্টটি নজরে আসা মাত্রই পুরশুড়া থানার টিম পর্যাপ্ত খাবার, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছে যান মির্জাপুর গ্রামে। রাস্তার উপর বসে থাকা অভুক্ত মানুষগুলির হাতে তুলে দেওয়া হয় খাবার।
একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে পুলিশ লেখে, 'দুর্গত মানুষের পাশে আমরা আছি, থাকব। যে কোনও সমস্যার কথা জানাতে পারেন আমাদের এই ফেসবুক পেজের মেসেঞ্জারে, সরাসরি থানায় বা জেলার পুলিশ কন্ট্রোল রুমে।'
এর পরে নতুন উদ্যোগ নিয়ে এল সেই হুগলি গ্রামীণ পুলিশ। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের কাছে কীভাবে বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখা যাবে, তা জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়।