
শেষ আপডেট: 19 December 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শ্রীরামপুরে এক সময় ছিল ডাচ কলোনি। গঙ্গার পশ্চিম পারে তাঁদের বহু স্থাপত্য সেই ইতিহাস বহন করছে। ডেনিস গভর্নর হাউস, ডেনিস টাভার্ন, শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কেরির সমাধি, সেন্ট ওলাভ চার্চ, সে সবের সাক্ষর। পাশাপাশিই রয়েছে মাহেশ জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির। সেই শ্রীরামপুরে এবার অন্যরকম বড়দিন। শ্রীরামপুর পুরসভার পরিচালনায় রাজ্য পর্যটন দফতরের সহযোগিতায় হবে শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড টুরিজম ফেস্টিভ্যাল।
সেন্ট ওলাভ চার্চ প্রতিবছর বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয়। কিন্তু এবছর সেই উৎসবের ধার ও ভার দুইই অনেকটা বেশি। চার্চের সামনে নানা আলো দিয়ে সাজানো হয়েছে। উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ, সেন্ট ওলাভ গির্জার সামনে নানা জায়গা আলোয় সাজানো হয়েছে। ২১ ডিসেম্বর থেকে সূচনা হবে উৎসবের। চলবে ২ রা জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকবে সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা।
বৃহস্পতিবার পার্কস্ট্রিট থেকে ভার্চুয়ালি ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্রীরামপুরে সেন্ট ওলাভ চার্চে উপস্থিত ছিলেন,মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী,বেচারাম মান্না,হুগলি জেলা শাসক মু্ক্তা আর্য,চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি,হুগলি গ্রামীন পুলিশ সুপার কামানাশিস সেন-সহ অন্যরা।
পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, "শ্রীরামপুরে অনেক স্থাপত্য আছে। চার্চকে নিয়ে একটা উন্মাদনা থাকে বড় দিনের সময়। বর্তমান প্রজন্মের কাছে সেই বিষয়গুলোকে তুলে ধরতে আরও উদ্যোগ নেওয়া হল। আলো দিয়ে সাজানোর পাশাপাশি বড়দিনের উৎসবে প্রতিদিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীরামপুর নিয়ে আলোচনা।"
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "শ্রীরামপুরের এই উৎসবে পরিবহণ দফতর থেকে একটি প্রমোদ তরী দেওয়া হচ্ছে। শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চার্চ যাতায়াত করবে প্রতিদিন। যারা বেড়াতে আসবেন তাঁদের কথা ভেবেই এই বন্দোবস্ত।"
মন্ত্রী বেচারাম মান্না বলেন, "সব সম্প্রদায়ের উৎসবে সবাইকে সামিল করাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। ধর্ম যাই হোক উৎসব সবার।"