
শেষ আপডেট: 24 March 2022 12:29
দ্য ওয়াল ব্যুরো: কয়েকজন ছাত্রী পরীক্ষা দিতে পারছে না। হিজাব (Hijab Row) পরে তাদের কলেজে প্রবেশ করতে দিচ্ছে না। পরীক্ষায় বসতে না পারলে তাদের এক বছর নষ্ট হয়ে যাবে। অনুগ্রহ করে দ্রুত মামলাটির শুনুন।
হিজাব মামলায় বৃহস্পতিবার এই আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমন্না এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিল। বেঞ্চের বক্তব্য, এমন একটি মামলা পরীক্ষার কারণে দ্রুত শুনানি করা যায় না। এর ফলে বেশ কিছু ছাত্রীর পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।
কর্ণাটক হাইকোর্টের হিজাব মামলার রায়ের বিরুদ্ধে কিছু ছাত্রী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। শিক্ষাঙ্গনে পোশাক বিধি নিয়ে কর্ণাটক সরকারের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল ওই ছাত্রীরা। কারণ ওই নির্দেশ বলে কলেজ তাদের হিজাব পরে ক্লাস করতে দিতে আপত্তি করেছে। এ নিয়ে তুমুল অশান্তি হয়। সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয় কর্ণাটক ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে।
সেই মামলায় হাইকোর্ট বলে, হিজাব ইসলামের আবশ্যক পোশাক নয়। তাছাড়া কর্ণাটক সরকারের নির্দেশে সংবিধানের মৌলিক অধিকার বিঘ্নিত হয়নি। স্কুল ইউনিফর্মের ব্যাপারে সরকার বিধিসম্মত বিধিনিষেধ আরোপ করতেই পারে।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই মামলা হয়েছে সর্বোচ্চ আদালতে। এদিন সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারিদের তরফে আইনজীবী দেবদত্ত কামাথ। তিনি পরীক্ষার দ্রুততার কথা বলেন।
বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতার মতামত চায়। তিনিও পড়ুয়াদের স্বার্থে দ্রুত শুনানির পক্ষেই সায় দেন। কিন্তু বিচারপতিরা রাজি হননি। শুনানি কবে হবে তাও এদিন জানানো হয়নি।