
শেষ আপডেট: 29 February 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাঁর আইনজীবী। নিম্ন আদালতের পেন্ডিং জামিনের আবেদনগুলি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করতে চায় শাহজাহান। সেই জন্য মূল স্বতঃপ্রণোদিত মামলায় যুক্ত হতে চেয়ে আজ কলকাতা হাইকোর্টের আবেদন করেছেন শেখ শাহজাহানের আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি তাঁকে স্পষ্ট জানান, শাহজাহানের প্রতি তাঁর কোনও সমবেদনা নেই।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শাহজাহানের আইনজীবীর উদ্দেশে বলেন, ''আগামী ১০ বছর আমরা আপনাকে ব্যস্ত রাখব। আপনি ভালো করে একটি লিগাল টিম তৈরি করুন। আগামী ১০ বছর আপনাকে অন্য কাজ করতে হবে না। এই মামলা চালাতেই কেটে যাবে।'' এরপরই প্রধান বিচারপতি মন্তব্য করেন, ওই ব্যক্তির (পড়ুন শেখ শাহাজাহান) প্রতি কোনও সহানুভূতি নেই।
শাহজাহানের আইনজীবীর দাবি ছিল, আদালতে নিজের বক্তব্য জানাতে চায় তাঁর মক্কেল। কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, জরুরি ভিত্তিতে শুনানির কোনও প্রয়োজন নেই। আদালতের আরও অনেক কাজ আছে। তাই শাহজাহানের আইনজীবীর আর্জি খারিজ হয়েছে। বৃহস্পতিবারই মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। বসিরহাট আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই গ্রেফতারি নিয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, “আইনি বাধ্যবাধকতার কারণেই গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে, আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ার পর গ্রেফতার করা হয়েছে।” একই সঙ্গে রাজ্য পুলিশের উপর আইনি বাধ্যবাধকতা থাকলেও ইডি কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হয়নি সেই প্রশ্নও তুলেছেন এডিজি দক্ষিণবঙ্গ।