
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 23 August 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: টেটের ‘ভুল প্রশ্ন’ সংক্রান্ত মামলায় এবার তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত প্রশ্ন ভুল না ঠিক সেটা তদন্ত করার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে।
২০১৭ ও ২০২২ সালের টেটে একাধিক ভুল প্রশ্ন এসেছিল বলে অভিযোগ ওঠে। এই মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা দুই বিশ্ববিদ্যালয়ের কমিটিকে প্রশ্ন যাচাইয়ের নির্দেশ দেন। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। এবার যে কমিটি গঠন করা হয়েছে তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন। আদালতের নির্দেশ, ১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২০১৭ সালের টেটের প্রশ্ন বিশ্বভারতীর বিশেষজ্ঞ কমিটি এবং ২০২২ সালের প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে, এমন নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে ডিভিশন বেঞ্চ ২০১৭ এবং ২০২২ সালের ভুল প্রশ্ন সংক্রান্ত অভিযোগ যাচাইয়ের জন্য এই তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ার সিদ্ধান্ত নিল।
এই মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি ছিল, তারা নিজেরাই বিষয়টি যাচাই করতে সক্ষম। এর জন্য আলাদা করে কোনও বিশেষজ্ঞ কমিটির প্রয়োজন নেই। তবে কলকাতা হাইকোর্ট তাঁদের আর্জিতে সাড়া দেয়নি। বরং ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন করেছে তাতে প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁরা প্রশ্নগুলি ভুল না ঠিক, তা বিচার করবে।