
বিচারপতি জয় সেনগুপ্ত - ফাইল ছবি
শেষ আপডেট: 22 March 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে শেখ শাহজাহানের। কিন্তু তাকে আড়াল করছে রাজ্য, এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য পুলিশের ভূমিকায়। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যতে প্রথমেই শেখ শাহজাহানের নাম থাকলেও চার্জশিটে কেন নাম বাদ গেল, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি।
২০১৯ সালে লোকসভা ভোটের পড়ে ৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় ন্যাজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। সিআইডি খুনের মামলায় তদন্ত শুরু করার পর চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দেয় বলে অভিযোগ ওঠে। এই সংক্রান্ত মামলার গত শুনানিতে কেস ডায়েরি তলব করেছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের পক্ষ থেকে শুক্রবার আদালতে তা পেশ করা হয়। এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত।
আদালতে উপস্থিত সিআইডি আধিকারিকের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ''শেখ শাহজাহানের নাম অভিযুক্তদের তালিকায় এক নম্বরে। তাহলে চার্জশিট থেকে তার নাম বাদ দিলেন কেন? প্রত্যক্ষদর্শীর জবানবন্দি দেওয়ার পরেও কীভাবে বাদ যায় শেখ শাহজাহানের নাম? আপনি ঠিক করে নিলেন কোন সাক্ষীকে আপনি বিশ্বাস করবেন না?'' শাহজাহানের নাম বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ে ওই আধিকারিক একা ছিলেন, না অন্য কেউও ছিল, সেটাও জানতে চেয়েছেন বিচারপতি। পাশাপাশি রাজ্য পুলিশের সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চান বলেও জানিয়েছেন তিনি।
মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে দাবি করেছেন, রাজ্য যে কেস ডায়েরি দেখাচ্ছে এটি তিনটের মধ্যে একটি। বাকি দুটিতেও শাহজাহানের নাম আছে। গোটা বিষয়ে রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের থেকে উত্তর চেয়েছেন বিচারপতি সেনগুপ্ত। তবে তিনি শুক্রবার আদালতে উপস্থিত ছিলেন না। আগামী ১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেদিন তাঁকে আদালতে উপস্থিত থেকে সব প্রশ্নের জবাব দিতে হবে।