মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অধীর বলেন, ‘‘খোলা ইলেকট্রিক লাইন নিয়ে মুখ্যমন্ত্রী জানতেন না? টিভিতে ভাল মানুষ সাজার চেষ্টা করছেন। সাহস থাকলে ওপেন স্টেজ লাইভ ডিবেটে আসুন। তখন গোটা সিস্টেমের মুখোশ খুলে যাবে।’’

অধীর চৌধুরী।
শেষ আপডেট: 23 September 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত কলকাতা (Heavy Rain in Kolkata)। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় একদিকে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। তবে নিকাশির দায় স্বীকার করতে নারাজ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) দাবি করেছেন, অতিবৃষ্টি ও কেন্দ্র ফারাক্কা ব্যারেজের পলি সংস্কার না করায় বিপর্যয় তৈরি হয়েছে। কিন্তু সেই ব্যাখ্যায় খুশি নয় বিরোধীরা।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury attacked)।
অধীরের অভিযোগ, ‘‘কলকাতা জলের তলায়, প্রচুর বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি তো ভূমিকম্প নয়! আগে থেকে রেড এলার্ট জারি করল না কেন সরকার? খোলা ইলেকট্রিক তারগুলো কেন ঢেকে রাখা হল না? যথাযথ ব্যবস্থা নিলে এই মৃত্যুগুলো এড়ানো যেত।’’
কংগ্রেস নেতার কটাক্ষ, ‘‘মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্ব ভুলে শুধু পুজোর উদ্বোধনে মেতে আছেন। এবার থেকে ওঁর নামের পাশে লিখুন উদ্বোধন মন্ত্রী!’’
এখানেই থামেননি তিনি। বেহাল রাস্তাঘাট, শহরজুড়ে আবর্জনার স্তূপ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবের পাশাপাশি নিকাশি ব্যবস্থার দুরবস্থার জন্য সরাসরি রাজ্যকেই দায়ী করেছেন। অধীর বলেন, ‘‘খাল সংস্কারের নামে টাকা গিলেও খাল বুজিয়ে ফেলা হয়েছে। বেআইনি প্রমোটারি রাজ চলছে। ড্রেন পরিষ্কার হয় না। পুকুর বুজে গেছে। ফলে জল যাবে কোথায়? ভাগাভাগি হচ্ছে কালীঘাটে ৭৫-২৫ অনুপাতে!’’
মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অধীর এও বলেন, ‘‘খোলা ইলেকট্রিক লাইন নিয়ে মুখ্যমন্ত্রী জানতেন না? টিভিতে ভাল মানুষ সাজার চেষ্টা করছেন। সাহস থাকলে ওপেন স্টেজ লাইভ ডিবেটে আসুন। তখন গোটা সিস্টেমের মুখোশ খুলে যাবে।’’