দ্য ওয়াল ব্যুরো : প্রথমে শুরু হয়েছিল নয়ডায়। শনিবার গুরগাঁও ও ফরিদাবাদেও দিল্লি থেকে আসা যাত্রীদের র্যানডম কোভিড টেস্ট শুরু হল। কিছুদিন ধরে কোভিডের তৃতীয় ওয়েভ দেখা দিয়েছে রাজধানীতে। সংক্রমণ ও মৃত্যু, দুই-ই রেকর্ড ছুঁয়েছে।
দিল্লি-গুরগাঁও সীমান্তে এখনও পর্যন্ত ৪০০ যাত্রীকে টেস্ট করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন কোভিড পজিটিভ হয়েছেন। প্রশাসন বলেছে, এর ফলে বোঝা যাবে, রাজধানীর কোন কোন এলাকায় কোভিডের প্রকোপ সবচেয়ে বেশি। গুরগাঁও-এর চিফ মেডিক্যাল অফিসার বীরেন্দর যাদব বলেন, "গুরগাঁও সীমান্তে র্যানডম স্যামপ্লিং-এর জন্য আমরা ছ'টি ক্যাম্প করেছি। কাউকে জোর করে পরীক্ষা করা হচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত কোভিড আক্রান্তদের চিহ্নিত করা যায়। তাহলে রোগটা ছড়িয়ে পড়বে না।"
গত বুধবার থেকে নয়ডায় দিল্লি থেকে আসা যাত্রীদের র্যানডম টেস্ট শুরু হয়েছে। দিল্লি সীমান্তে গৌতম বুদ্ধ নগর এলাকায় অন্যান্য জায়গার চেয়ে বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
গত ১৫ নভেম্বর দিল্লিতে সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য একাধিক পদক্ষেপ ঘোষণা করেন অমিত শাহ। তিনি বলেন, প্রতিদিন আরটি-পিসিআর টেস্টের সংখ্যা বাড়াতে হবে। সেইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআরের যে মোবাইল ভ্যানগুলি শহরে ঘোরে তার সংখ্যাও বাড়ানোর কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, “অমিত শাহের নির্দেশের পরে আইসিএমআর আরটি-পিসিআর টেস্টের সংখ্যা প্রতিদিন ২৭ হাজার থেকে বাড়িয়ে ৩৭ হাজার ২০০ করা হয়েছে। ১৫ নভেম্বর দিল্লিতে ১২ হাজার ৫৫টি আরটি-পিসিআর স্যাম্পল নেওয়া হয়েছিল। ১৯ নভেম্বর ৩০ হাজার ৭৩৫টি আরটি-পিসিআর স্যাম্পল নেওয়া হয়েছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন, দিল্লিতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের ডাক্তার ও মেডিক্যাল কর্মীদের উড়িয়ে নিয়ে আসতে। যদি খুব সংক্রমণ বাড়ে তাহলে প্লাজমা দান করার জন্য নতুন প্রোটোকল তৈরি করারও নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লিতে উৎসবের মরসুমের পরে হঠাৎ করে সংক্রমণ বাড়তে থাকায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও।
শুধু দিল্লি নয়, দেশজুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ১৩ কোটি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। তার মধ্যে শেষ ১০ দিনে ১ কোটি নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, “ভারত ১৩ কোটি নমুনা পরীক্ষা করে ফেলেছে। শেষ ১০ দিনে ১ কোটি নমুনা পরীক্ষা হয়েছে।”