
শেষ আপডেট: 17 April 2023 18:40
দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাইকে নিয়ে পুলিশ মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাচ্ছিল। পুলিশি নিরাপত্তার মধ্যেই সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকেন আতিককে। কিছু উত্তর দিচ্ছিলেন, কিছু এড়িয়ে যাচ্ছিলেন। তিনি যখন বলছেন, 'আসল কথা হল গুড্ডু মুসলিম (Guddu Muslim)…', ঠিক সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলে আতিকদের দিকে। মুহূর্তে সব শেষ।
আতিকদের ওপর এই আততায়ী হামলা নিয়ে উত্তপ্ত হয়ে আছে জাতীয় রাজনীতি। একাধিক প্রশ্ন উঠছে। তারমধ্যেই একটা প্রশ্ন নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। তা হল মৃত্যুর আগে আতিকের বলা শেষ কথাগুলো। 'গুড্ডু মুসলিম…'! কে এই গুড্ডু মুসলিম, কেন তাঁর নাম নিলেন আতিক, সেই নিয়ে চর্চা চলছেই। ওই দিনের পর থেকেই গুগুল সার্চে ট্রেন্ডিং। আতিক গুড্ডু মুসলিমকে নিয়ে কী বলতে চেয়েছিলেন তা অজানা থেকে গেলেও গুড্ডুর পরিচয় পাওয়া গেছে।
গুড্ডু মুসলিম কে?
২০০৫ সালে বহুজন সমাজবাদী পার্টির সাংসদ রাজু পাল খুনের অন্যতম সাক্ষী ছিলেন উমেশ পাল। সেই উমেশকেই গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির সামনে খুন করে আততায়ীরা। এই খুনের ঘটনায় অনেকের নাম জড়িয়েছে। পুলিশের দাবি, আতিকের ইশারাতেই এই খুনের ঘটনা ঘটে। আতিক ছাড়াও তাঁর ছেলে আসাদ, বন্ধু গুলাম ও আশরাফের নাম জড়ায়। এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন গুড্ডু মুসলিমও!
পুলিশ সূত্রে খবর, গত ২৪ ফেব্রুয়ারি উমেশের বাড়ির সামনে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, তা ঘটিয়েছিলেন গুড্ডুই! অপরাধ জগতে এই গুড্ডুই 'বোমাবাজ গুড্ডু' নামে পরিচিত।
প্রয়াগরাজে (তৎকালীন এলাহাবাদ) জন্ম গুড্ডুর। ছোট থেকেই দুরন্ত ছিলেন গুড্ডু। এমন কোনও কাজ ছিল না যা দেখে ভয় পেতেন তিনি। সেই স্বভাবই তাঁকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় অপরাধ জগতের দিকে। ছোট বয়েস থেকেই লুঠ, তোলাবাজির মতো অপরাধের সঙ্গে নাম জড়িয়ে যেত তাঁর। শুরু হয় বোমা বাঁধায় হাতেখড়ি।
ছেলের এমন কর্মকাণ্ড মেনে নিতে পারেননি গুড্ডুর পরিবারের সদস্যরা। তাঁকে পাঠিয়ে দেওয়া হয় লখনউতে। কিন্তু হিতে বিপরীত হয়। সেখানেই তৎকালীন কুখ্যাত গ্যাংস্টারদের সঙ্গে পরিচয় হয় গুড্ডুর। ১৯৯৭ সালে এক শিক্ষককে খুন করার ঘটনায় নাম জড়িয়ে যায় তাঁর। নজরে পড়ে আতিকের।
সেই থেকে আতিক গ্যাংয়ের অন্যতম সদস্য হয়ে ওঠেন তিনি। এমন কোনও অপরাধ নেই যা গুড্ডু করেননি। কিন্তু বোমা বাঁধা ও বোমা ছোড়ায় সিদ্ধহস্ত ছিলেন আতিকের 'গুড্ডু'। তারপর নাম জড়ায় উমেশ পাল খুনের মামলাতেও। আসাদ, গুলামদের মতোই গুড্ডুর খোঁজ দেওয়ার জন্য ৫ লাখ আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল উত্তর প্রদেশ পুলিশ।
আতিক হত্যায় ৩ অভিযুক্ত: কারও বিরুদ্ধে ৪০৬ মামলা, কেউ আবার খুন করে জেল খেটেছে