দ্য ওয়াল ব্যুরোঃ রান্নার গ্যাসে বড় বদল আসতে পারে শিগগিরই। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় সেই সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে, গ্যাস সিলিন্ডারের ওজন কমিয়ে দেওয়া হতে পারে। সিলিন্ডার ভারী হওয়ার কারণে নানা সমস্যার মুখে পড়তে হয়। সেই কারণেই এই ব্যাপারে ভাবনাচিন্তা চলছে বলে খবর।
এলপিজি গ্যাস সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি। বাড়ি বাড়ি সেই সিলিন্ডার পৌঁছে যায়। কিন্তু এত ভারী সিলিন্ডার নিয়ে চলাফেরায় অনেক সমস্যা হয়ে থাকে। বিশেষত মহিলারা খুবই অসুবিধায় পড়েন সিলিন্ডার স্থানান্তর করতে। সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে এলপিজি সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি জানান, সরকার সিলিন্ডারের ওজন কমিয়ে দেওয়া যায় কিনা তা ভেবে দেখছে। জনসাধারণের সুবিধার্থেই এমনটা করা হতে পারে।
কিন্তু কতটা কমানো হতে পারে এলপিজি সিলিন্ডারের ওজন? শোনা যাচ্ছে, প্রায় ৯ কেজির কাছাকাছি ওজন কমিয়ে দেওয়া হতে পারে সিলিন্ডারের। মন্ত্রী বলেছেন, আমরা কেউ চাই না আমাদের মা বোনেরা সিলিন্ডারের এত ভার বহন করুন। তাই আমরা ওজন কমিয়ে দেওয়ার কথা ভাবছি।
এ ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করার কথা বলেছেন হরদীপ সিং পুরী। তাঁর কথায়, আমরা একটা মাঝামাঝি সমাধানের কথা ভাবছি। ১৪.২ কেজি থেকে ৫ কেজিতে নামিয়ে আনা হবে না অন্য কিছু করা হবে ভাবনাচিন্তা চলছে। কিছু একটা করবই। রাজ্যসভায় এর আগে এক সাংসদ রান্নার গ্যাসের সিলিন্ডারের ওজন নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ উঠতেই এমনটা জানান পেট্রোলিয়াম মন্ত্রী।