
শেষ আপডেট: 10 June 2023 03:49
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে ঔরঙ্গজেব, বাবর নিয়ে যে বিতর্ক চলছে তাতে নতুন করে ঘি দিলেন কেন্দ্রের গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য নিয়ে গিরিরাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নাথুরমা গডসে ভারতের সন্তান। তাই তিনি ঔরঙ্গজেব বা বাবরের মতো নন।’
গডসে মহাত্মা গান্ধীর হত্যাকারী। হিন্দুত্ববাদীরা তাঁকে পুজো করলেও সমালোচনা হয় বিস্তর। সম্প্রতি মারাঠা মুলুকে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে সেখানে ঔরঙ্গজেব যেন ইতিহাস ফুঁড়ে ফিরে এসেছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বেশ কিছু সংগঠক সোশ্যাল মিডিয়ায় ঔরঙ্গজেবের বংশোধরদের খোঁজার নিদান দিয়েছেন। তা নিয়ে বহু জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। রাজ ঠাকরের দলের আট নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
এরমধ্যেই ওয়াইসি বলেছেন, ‘যাঁরা গান্ধী হত্যাকারী গডসেকে দেবতাজ্ঞানে পুজো করে তাঁদের মুখে ঔরঙ্গজেব, বাবরের কথা মানায় না।’ পাল্টা গিরিরাজ বলেছেন, গডসে ওইরকম নন। কারণ তিনি ভারতের ভূমিপুত্র।
অনেকের মতে, গিরিরাজ বুঝিয়ে দিয়েছেন, গডসের ব্যাপারে তাঁর নরম মনোভাব রয়েছে। এর আগে গডসেকে দেশপ্রেমিক বলে সংসদে দাঁড়িয়ে আখ্যা দিয়েছিলেন বিজেপি নেত্রী সাধ্যী প্রজ্ঞা। এবার সেই তালিকায় নাম জড়াল গিরিরাজের। এমনিতে বিতর্কিত মন্তব্যে গিরিরাজের অনেক রেকর্ড রয়েছে। এবার গডসে বন্দনা শোনা গেল তাঁর গলায়।
নরেন্দ্রর স্কুল অচিরেই ‘প্রেরণার উৎসস্থল’, মোদী সরকার চালু করছে শিক্ষা সফর