
শেষ আপডেট: 16 June 2022 07:56
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি পদে বিজেপি শিবিরে যে সম্ভাব্য নামগুলি নিয়ে আলোচনা চলছে তাতে প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) নামও আছে। তবে পূর্ণ সময়ের কোনও রাজনীতিককে রাষ্ট্রপতি (President) পদে বসানো হবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কোবিন্দের মতো কাউকে ফের ওই পদে বসানোর সম্ভাবনা বেশি। ঘরের লোক কোবিন্দের সঙ্গে সরকারের বিরোধ হয়নি। তবে ঘরের লোক হওয়াই এর একমাত্র কারণ নয়। প্রণব মুখোপাধ্যায়ের মতো পূর্ণ সময়ের কোনও রাজনীতিককে রাষ্ট্রপতি করা হলে তাঁর সক্রিয়তাই সরকারের জন্য বিড়ম্বনার কারণ হয়ে উঠতে পারে।
প্রণববাবুকে রাষ্ট্রপতি করেছিল তাঁর দল কংগ্রেস। প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং। কিন্তু প্রণববাবুর কার্যকালের সিংহভাগ সময় কাটে নরেন্দ্র মোদীর জমানায়। বড় ধরনের সমস্যা না হলেও নানা ব্যাপারে মন্ত্রীদের রাষ্ট্রপতি ভবনে তলব করতেন তিনি।
কিন্তু কোবিন্দের সময় রাষ্ট্রপতির অস্তিত্বই টের পাওয়া যায়নি। রাজনীতির বাইরের লোক হয়েও এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি হিসাবেও জনমনে দাগ কেটেছেন। সেদিক থেকে কোবিন্দের সঙ্গে আর এক প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিলের মিল আছে।
রাষ্ট্রপতি পদে রাজনীতিক প্রথম পছন্দ নয় বলেই উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে নিয়ে আলোচনা তেমন গড়ায়নি। উপ রাষ্ট্রপতির সঙ্গে সরকারে সরাসরি বিরোধ হওয়ার সুযোগ কম। তবে রাজ্যসভায় চেয়ারম্যান হিসাবে তাঁর সিদ্ধান্তের মধ্যে খোঁজা হয় তিনি কতটা অনুগত। সেদিক থেকে দল ও সরকারের সুনজরেই আছেন ভেঙ্কাইয়া। কিন্তু পেশাদার রাজনীতিক বলেই তাঁকে রাষ্ট্রপতি প্রার্থী করা নিয়ে সংশয় আছে।
তবে রাজনীতিক মাত্রেই রাষ্ট্রপতি পদে ত্যাজ, বিষয়টা এমনও নয়। নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে বিজেপির এনডিএ বহির্ভূত পার্টিগুলির সমর্থন প্রয়োজন। প্রার্থীর নাম না ভাঙলেও বিজেপি সব মহলের বক্তব্য শুনে নিতে চাইছে।
এমনিতে রীতি হল, রাষ্ট্রপতি নির্বাচনের সময় ক্ষমতাসীন দল ও সরকারের তরফে সব দলের সঙ্গেই কথা বলে চেষ্টা করা হয় নির্বাচন এড়ানোর। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান বলেই এই রীতি অনুসরণ করা হয়। বিজেপির তরফে দলীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
গুলাম নবির নাম বিজেপির বিবেচনায় থাকার একাধিক কারণ আছে। তিনি মুসলিম, জন্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘদিনের সাংসদ এবং বহু বছর কেন্দ্রে মন্ত্রী ছিলেন। নম্র স্বভাবের স্বচ্ছ ভাবমূর্তির মানুষ গুলাম নবিকে নরেন্দ্র মোদীর সরকার এ বছর পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে। গত বছর রাজ্যসভা থেকে বিদায় নেওয়ার দিনে স্বয়ং প্রধানমন্ত্রী সভায় হাজির হয়ে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের ভূয়সী প্রশংসা করেন। একটা সময় আবেগ তাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
কিন্তু এসবের থেকেও গুলাম নবির নাম বিজেপির বিবেচনায় আছে আরও একটি বিশেষ কারণে। তিনি গান্ধী পরিবারের বিরুদ্ধে মুখ খোলা কংগ্রেসের গ্রুপ-২৩-এর প্রধান মুখ। সনিয়া গান্ধী তাঁকে এবার আর রাজ্যসভায় পাঠাননি। দলীয় সূত্রে খবর, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোনও পদে তাঁকে বসানোর প্রস্তাব দেওয়া হলে গুলাম নবি তা প্রত্যাখ্যান করেন।
তবে গুলাম নবি বা কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নাম আলোচনায় সময় বিজেপিকে মাথায় রাখতে হচ্ছে উপ রাষ্ট্রপতি পদে মুক্তাব আব্বাস নকভিকে বসানোর প্রস্তাব। নকভি বর্তমানে মোদী সরকারে সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী। একই সঙ্গে তিনি রাজ্যসভায় দলের উপনেতা। আগামী মাসে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সদ্য অনুষ্ঠিত রাজ্যসভার ভোট নকভিকে টিকিট দেয়নি দল। তা থেকে অনেকেই মনে করছেন, দলের এই প্রথমসারির সংখ্যালঘু মুখকে উপ-রাষ্ট্রপতি পদে বসানো হতে পারে। যদি নকভি-কে ওই পদে বসানো হয় তাহলে রাষ্ট্রপতি পদে গুলাম নবি, আরিফ মহম্মদ খানদের প্রার্থী করার সম্ভাবনা নেই বললেই চলে।
সেক্ষেত্রে মহিলা-দলিত-আদিবাসী-ওবিসি অংকে আলোচিত নামগুলির কাউকে বেছে নেওয়া হতে পারে। এই তালিকায় আছেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু, তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন এবং ছত্তিশগড়ের রাজ্যপাল অনশূয়া উইকি। ওড়িশার বিজেপি নেত্রী দ্রৌপদীর নাম আগের বার অর্থাৎ ২০১৭-তে রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে বেছে নেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা।
এবার ওড়িশার আরও একজনের নাম বিজেপির বিবেচনায় আছে। তিনি জুয়েল ওরাম। আদিবাসী সমাজের জনপ্রিয় এই নেতা দীর্ঘদিন ওড়িশা বিজেপির সভাপতি ছিলেন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
দলিত নেতাদের মধ্যে কর্নাটকের রাজ্যপাল তহরচাঁদ গহলত প্রধানমন্ত্রীক অত্যন্ত আস্থাভাজন মানুষ। নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় তিনি ছিলেন সামাজিক ন্যায় মন্ত্রী। তাঁর দ্বিতীয় মন্ত্রিসভায় গহলতকে না নিয়ে কর্নাটকের রাজ্যপাল করেন মোদী।
ভিআইপি গাড়ির কালো কাচ পার করে মিঠুন চিনে নেবেন তো সেদিনের গৌরাঙ্গকে