দ্য ওয়াল ব্যুরো: অ্যাপ ক্যাবের চালকের হাতে যাত্রী হেনস্থার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু যাত্রী ক্যাব বুক করে ট্যাক্সিতে উঠে চালককে হেনস্থা করেছে, এমন ততটা শোনা যায় না। বেঙ্গালুরুতে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা। শুধু ক্যাবচালকই নন, হুমকি দিয়ে তাঁর স্ত্রীকে বিবস্ত্র হতে বলা হয়েছে ভিডিও কলে।
ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর। বেঙ্গালুরুর আডুগোড়ি থেকে দোম্মাস্যান্ড্রা যাওয়ার জন্য ওলার একটি ক্যাব বুক করে চার জন। তারা নির্দিষ্ট জায়গা থেকে ওঠে। রাত দশটা কুড়ি মিনিটে ওই চার যাত্রী যখন ট্যাক্সিতে ওঠে, চালক সোমশেখর ভাবতেও পারেননি পরের কয়েক মিনিট কী ভয়াবহ হতে চলেছে। তাঁর অভিযোগ, গাড়িতে ওঠার একটু পরেই যাত্রীদের হাবভাব বদলে যায়। তারা সোমশেখরের মোবাইল কেড়ে নিযে বলে তাঁর স্ত্রীকে ভিডিও কল করতে। সোমশেখর রাজি না হলে তাঁকে মারধর করা হয বলে অভিযোগ। বাধ্য হয়ে চালক তাঁর স্ত্রীকে ভিডিও কল করার পরেই ওই যুবকেরা তাঁকে বলে তাঁকে বিবস্ত্র হতে হবে। না হলে স্বামীকে মেরে ফেলা হবে। চালকের স্ত্রীর স্ক্রিন শট নিয়ে নেয় দুষ্কৃতীরা। এর পর গন্তব্যে পৌছেও ওই চার জন নামতে রাজি হয়নি। আরও কিছুটা যাওয়ার পরে তারা নেমে যায়। নামার আগে সোমশেখরকে মারধর করে গাড়ির চাবি কেড়ে নিয়ে চলে যায়।