
শেষ আপডেট: 14 November 2022 13:52
দ্য ওয়াল ব্যুরো: জোর করে কারও ধর্ম পরিবর্তন করার বিষয়টিকে (Forced Religious Conversion) 'অত্যন্ত গুরুতর' বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ধর্মান্তরণ বিরোধী আইন চালুর জন্য কেন্দ্রের পদক্ষেপের দাবিতে একটি মামলা চলছিল আদালতে। সোমবার সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালত জানাল, ‘জোর খাটিয়ে বা লোভ দেখিয়ে সাধারণ মানুষের ধর্ম পরিবর্তনের প্রবণতা রুখতে না পারলে তা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে উঠবে।’
‘লাভ জেহাদ’ নিয়ে ইতিমধ্যেই নানা ঘটনা ঘটে গেছে দেশের বিভিন্ন রাজ্যে। ধর্মান্তরণ-বিরোধী আইনও পাশ হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে। সেই জেহাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলাও রুজু হয়েছে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের এমনই একটি আবেদনে আদালতকে জানানো হয়েছে, জোর করে এবং লোভ দেখিয়ে ধর্মান্তরণ রুখতে দেশের সব রাজ্যকে কড়া নির্দেশ দিক কেন্দ্র। আজ, সোমবার তারই শুনানি ছিল।
তবে এই নিয়ে বিতর্কও রয়েছে। ধর্মান্তরণ বিরোধী এই আইন অসাংবিধানিক বলে দাবি করে সমালোচকদের যুক্তি, ধর্ম নিরপেক্ষ দেশে এই ধরনের আইন অসাংবিধানিক। বৈষম্যহীনতাকেই গুরুত্ব দেওয়া উচিত।
সোমবার সুপ্রিম কোর্টে শুনানি চলার সময়ে বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি হিমা কোহলিকে নিয়ে গঠিত বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছে, জোর করে ধর্মান্তরণ রুখতে সম্ভাব্য সরকারি পদক্ষেপের বিষয়ে হলফনামা পেশ করতে। বেঞ্চের তরফে বলা হয়, ‘এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। জোর করে ধর্মান্তরণ বন্ধ করতে কেন্দ্রের আন্তরিক চেষ্টা করা উচিত। নইলে খুব কঠিন পরিস্থিতি তৈরি হবে।’
জাভেদ আখতারের সংস্থার বিরুদ্ধে 'তোলাবাজি'র অভিযোগ! মামলা রুজু কলকাতা হাইকোর্টে