
শেষ আপডেট: 5 September 2023 14:13
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কোণঠাসা বাঙালি কর্মীরাই! কলকাতা বিজেপির (BJP) নব গঠিত জেলা কমিটি ঘিরে এমনই অভিযোগকে কেন্দ্র করে নেতা, কর্মীদের অন্দরেই বাড়ছিল ক্ষোভ। এবার এই বিষয়ে চিঠি গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহর (Amit Shah) কাছে।
লোকসভা ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে জেলায় জেলায় নতুন কমিটি গড়েছে বিজেপি (BJP)। আর সেই কমিটি (BJP) ঘিরেই দলের অন্দরে তৈরি হয়েছে দ্বন্দ্ব। জানা গেছে, দক্ষিণ কলকাতা জেলা কমিটিতে ২৫ জনের মধ্যে ১৩ জন অবাঙালি। শুধু দক্ষিণ কলকাতা নয়, বঙ্গ বিজেপির রাজ্য কমিটি, যুব মোর্চা এবং উত্তর কলকাতা সাংগঠনিক জেলা কমিটিতে বাঙালিদের চেয়ে অবাঙালিদের দাপট বেশি।
তারই জেরে বিজেপির (BJP) কলকাতার একাংশ নেতৃত্ব দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখে নালিশ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “বাংলায় কোণঠাসা বাঙালি কর্মীরাই। এই জিনিস বরদাস্ত করা হবে না।” সূত্রের খবর, চিঠিতে পরিষ্কারভাবে তাঁরা শাহকে জানিয়েছেন, এমন কালচার চললে বাংলায় বিজেপির উত্থান ঘটানো সম্ভব নয়।
দলের দক্ষিণ কলকাতার এক নেতার বক্তব্য, “জেলা কমিটি দেখলে কে বলবে ওটা দক্ষিণ কলকাতার জেলা কমিটি! যেন বিহার বা উত্তরপ্রদেশের জেলা কমিটি।“ ওই নেতার কথায়, “দলে অবাঙালিদের আধিপত্যের কারণেই বঙ্গে বিজেপি এগোতে পারছে না।”
আরও পড়ুন: আমেরিকান সেন্টারের সঙ্গে টেট দুর্নীতির তুলনা! ১১ সেপ্টেম্বর তথ্য ফাঁসের দাবি সিবিআইয়ের