দ্য ওয়ালকে যখন তিনি সাক্ষাৎকার দিতে এলেন, তখন সাংগঠনিক ব্যর্থতা থেকে শুরু করে সাম্প্রতিক এসআইআর আতঙ্ক, নিউ ইয়র্কের সদ্য নিযুক্ত বামপন্থী মেয়র জোহরান মামদানি, সব নিয়েই কথা বললেন।

সৃজন ভট্টাচার্য
শেষ আপডেট: 17 November 2025 20:14
বিমান বসু (Biman Bose) থেকে সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়— অতীত ঘাঁটলে দেখা যাবে, বার বারই সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন বাঙালিরা। মাঝে ছেদ পড়লেও চলতি বছরের জুন মাসে সিপিএমের (CPIM) ছাত্র সংগঠনের শীর্ষ পদে আবারও বসেছেন বাঙালি নেতা। সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya Interview)। তাঁর কথায় কথায় প্রাণখোলা হাসিতে কাবু হয় তরুণ প্রজন্ম। আবার বিরোধীদের সঙ্গে তর্ক যুদ্ধে চোয়াল শক্ত হয়ে আসে তাঁর। কিন্তু ভোট বড় বালাই। এহেন সৃজন গত লোকসভা নির্বাচনে যাদবপুরের সিপিআইএম প্রার্থী হয়েও আশানুরূপ ফল করতে পারেননি। শুধু তিনিই নন, গোটা পার্টিরই একই দশা হয়েছিল।
দ্য ওয়ালকে যখন তিনি সাক্ষাৎকার দিতে এলেন, তখন সাংগঠনিক ব্যর্থতা থেকে শুরু করে সাম্প্রতিক এসআইআর আতঙ্ক, নিউ ইয়র্কের সদ্য নিযুক্ত বামপন্থী মেয়র জোহরান মামদানি, সব নিয়েই কথা বললেন। সাদা পা-জামা পাঞ্জাবি, পায়ে সাদামাটা চপ্পল পরে স্টুডিওয় বসলেন তরুণ বামনেতা। মুখে সেই চেনা পরিচিত হাসি। গাল ভর্তি দাড়ি। সাংবাদিকের একের পর এক প্রশ্নেও কোনও ক্লান্তির ছাপ নেই। সাক্ষাৎকারের আগে তিনি যে দলেরই দীর্ঘ মিটিং সেরে এসেছেন, কে বলবে!
এহেন সৃজন যখন এত উদ্যমী, তখন ভোটের মুখ ছাড়া কর্মী-সমর্থক তথা দলের নেতাদের সেই উদ্যম দেখা যাচ্ছে না কেন? প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বামনেতা মনে করেন, দীর্ঘ ৩৪ বছরে সরকারে থেকে একটা প্রচ্ছন্ন ক্লান্তি থেকে অনেকেরই আড় ভাঙতে সময় নিচ্ছে। তবে সংগঠন মোটেই দুর্বল হয়নি। সৃজনের কথায়, জোহরান মামদানির থেকে অনেক কিছু শেখার আছে। তিনি তৃণমূল স্তরে গিয়ে যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, সেটাও লক্ষ্য করার মতো।
তবে কি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই ফাটকা ধরে এগোবে বামেদের তরুণ তুর্কিরা? তৃণমূল কিংবা বিজেপির বাইনারি ভেঙে কি কোনওভাবে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারবে সিপিএম? সৃজন মনে করেন, সম্প্রতি এসআইআর করে বিজেপি নিজেই নিজের কবর খুঁড়েছে। আর অন্যদিকে মশার কামড়ে মারা গেলেও সেই মানুষগুলোর দুয়ারে চলে যাচ্ছে তৃণমূল। প্রমাণ করতে চাইছে যে তারা এসআইআর আতঙ্কেই চরম সিদ্ধান্ত নিচ্ছেন। একমাত্র বামেরা প্রথম থেকে বলে এসেছে, এসআইআর করলে করুক, কিন্তু এর অন্যতম কারণ হওয়া উচিত মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট নাম বাদ দেওয়া এবং যোগ্য ভোটারদের নাম বাদ না দেওয়া।
আর কী বললেন সৃজন? দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার নীচের লিঙ্কে