
কারখানায় অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
শেষ আপডেট: 28 September 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: পাম তেল এবং নিষিদ্ধ রাসায়নিক মিশিয়ে তৈরি হতো ভেজাল সর্ষের তেল। খবর পেয়ে কারখানায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গ্রেফতার করা হয় ওই তেল ব্যবসায়ীকে।
ঘটনাটি নদীয়ার রানাঘাটের। শুক্রবার কারখানায় অভিযান চালিয়ে ২৫ টিন ভেজাল সর্ষের তেল, ৯০ টিন রাইস বার্ন অয়েল, এবং প্রচুর তেল তৈরির সামগ্রী সহ ২০০ মিলিলিটার নিষিদ্ধ রাসায়নিক উদ্ধার করা হয়েছে।
ট্যাঙ্কারে করে পাম তেল এনে নামি ব্র্যান্ডের টিনে করে বিক্রি করা হতো। ভেজাল তেলে তো আর সেই ঝাঁঝ পাওয়া যাবে না। তাই বিষাক্ত রাসায়নিক মিশিয়ে টিনের মুখ সিল করে বিক্রি চলত দেদার। এমন ভাবে সিল করা হতো, যা দেখে কোনও সন্দেহ তো দূর গুণমান নিয়েও প্রশ্ন তোলার অবকাশ থাকত না।
তদন্তকারীরা বলছেন, প্রায় ১০ বছর ধরে এভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। যাঁর নাম স্বপন ঘোষ। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ অর্থাৎ শনিবার তাঁকে আদালতে হাজির করানোর কথা।
জানা যাচ্ছে, এত কাঠখড় পুড়িয়ে তেল বিক্রি করতে মোট খরচ পড়ে ১৩০ টাকা। মোটমাট প্রতি লিটার পিছু ৪০ টাকা লাভ রাখতেন ওই ব্যক্তি। ভেজাল ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেটাও দেখা হচ্ছে।
ধৃত স্বপন ঘোষ নিজের একটি ভুয়ো সংস্থাও তৈরি করেছিলেন বলে জানিয়েছেন রানাঘাট জেলার ডিএসপি-ডিইবি লক্ষ্মীনারায়ণ দে। তাঁর কথায়, ‘প্রচুর তেল বাজেয়াপ্ত করা হয়েছে। ল্যাবরেটরিতে সব তেল নমুনা পরীক্ষার জন্য পাঠানোও হয়েছে।’