
শেষ আপডেট: 25 June 2023 16:14
দ্য ওয়াল ব্যুরো: "ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে"...
বন্ধুত্ব বাড়াতেই ২৬ বছর পর মিশরে পা পড়ল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর। দু’দিনের রাষ্ট্রীয় সফরে মিশর পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কায়রোর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি। পিরামিডের দেশে পা রাখা মাত্র ভারতের প্রধানমন্ত্রী পেলেন রাজকীয় অভ্যর্থনা। উচ্ছ্বসিত প্রবাসী ভারতীয়দের মাঝে একেবারেই অন্য মেজাজে ধরা দিলেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ নজর কাড়েন মিশরীয় কন্যা জেনা। পরিষ্কার হিন্দিতে প্রধানমন্ত্রীকে বলিউডের 'শোলে' সিনেমার সেই বিখ্যাত গান শোনালেন.."ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে..তোড়েঙ্গে দম আগর. তেরা সাথ না ছোড়েঙ্গে।" মিশরীয় তরুণীর গান শুনে রীতিমতো আপ্লুত হলেন মোদী। তাঁর অভিব্যক্তিতেই ধরা পড়েছে তিনি খুবই খুশি হয়েছেন। গানের মাঝে একবার হাততালি দিয়ে প্রশংসাও করেন।
প্রবাসী ভারতীয়রাও মোদীকে পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। হোটেলে ঢোকার আগে প্রধানমন্ত্রীর কনভয় দেখেই 'মোদী-মোদী' স্লোগান ওঠে। প্রবাসীদের সঙ্গে দেখা করে কথা বলেন প্রধানমন্ত্রী। দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরাও এদিন মোদীর সঙ্গে দেখা করেন।
এর আগে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে মিশরের রাষ্ট্রপতি এল-সিসির ভারত সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর মিশর সফরের কথা শোনা গিয়েছিল। দুই দেশের সম্পর্কের উন্নতিতে মার্কিন সফরের পরেই মিশরে যাবেন বলে ঠিক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৮৫ সালে রাজীব গান্ধী, ১৯৯৫ সালে পিভি নরসিমা রাও, ১৯৯৭ সালে আইকে গুজরাল ও ২০০৯ সালে মনমোহন সিংয়ের পর পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদী মিশরে গেলেন।
মোদী আমেরিকা ছাড়তেই গুগল-মাইক্রোসফ্ট-অ্যামাজনের ঘোষণা! ভারতে বড় বিনিয়োগ
দু’দিনের সফরে মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে গোলটেবিল বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। মিশরের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সৈন্যদের সমাধিস্থলেও শ্রদ্ধা জানাতে যেতে পারেন মোদী। ব্যবসা-বাণিজ্য, অচিরাচরিত শক্তি, গ্রিন হাইড্রোজেন, তথ্য-প্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, ওষুধপত্র-সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে গোলটেবিল বৈঠকে।