
শেষ আপডেট: 9 April 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: ফের শাহজাহানের স্ত্রীকে তলব করল ইডি। বুধবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের স্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরার পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, শেখ শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে আরও একবার তলব করা হয়েছে।
সোমবারই শেখ শাহজাহানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল সকাল ১০টায় শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডির দফতরে হাজিরা দেন। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। রাত ৯টা নাগাদ ইডির অফিস থেকে বেরিয়ে যান তসলিমা বিবি।
অশান্ত সন্দেশখালিতে শাহজাহান যখন বেপাত্তা ছিলেন, তখন আদালতকে এবার শাহজাহান জানিয়েছিলেন, স্ত্রীর অসুস্থতার জন্যই তিনি হাজিরা দিতে পারছেন না। তবে সোমবার ইডির অফিসেই প্রথম প্রকাশ্যে এলেন শাহজাহানের স্ত্রী তসলিমা। ইডি সূত্রের খবর, শাহজাহানের ব্যবসার গোপন তথ্য জানতেই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি অফিসাররা।
রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহহাজাহান। গত ৫ জানুয়ারি তৃণমূলের সাসপেন্ড হওয়া নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করে। এরপর ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর বসিরহাট জেলে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে। গত ৩০ মার্চ জেলে রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানকে জেরা করতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিন রাতে জেল থেকেই তাঁকে গ্রেফতার করে ইডি।
ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। জমি জালিয়াতি সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন শাহজাহান, সেই প্রমাণ মিলেছে। কিছুদিন আগেই ইডির আইনজীবী আদালতে দাবি করেছিলেন, ওই এলাকায় একটি সিন্ডিকেট চলছিল এবং সেটির মাস্টারমাইন্ড ছিলেন শাহজাহান। কীভাবে কালো টাকা সাদা করা হত, সেই ব্যাখ্যাও আদালতে দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। আর এবার শেখ শাহজাহানের সম্পত্তি নিয়ে আরও বিশদে তথ্য জোগাড় করতে আসরে নেমেছে ইডি। সেই সূত্র ধরেই শাহজাহানের স্ত্রীকে ফের তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।