
শেষ আপডেট: 15 March 2023 13:03
দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ের (Meghalaya) রংড়াম বাজারে এসে মাংস ও সবজি বিক্রেতাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করার অভিযোগে গ্রেফতার হলেন এক ডাক্তার (Doctor)। অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা। তিনি পেশায় একজন ডাক্তার, নাম জিমি কার্টার সাংমা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ওই ডাক্তার তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে বাজারে আসেন। দোকানদারেরা তখন সবে দোকান খুলেছে। সেখানে গিয়েই ওই দোকানদারদের থেকে জোর করে টাকা আদায় (extorting money) করতে শুরু করেন তিনি। তাঁর দাবি, যে জমির উপর দোকানগুলি রয়েছে সেই জমি নাকি তাঁর কেনা। তাই ভাড়া হিসেবে তাঁকে টাকা দিতে হবে।
সবজি বিক্রেতারা এই হুমকিতে ভয় পেয়ে টাকা দিয়ে দিলেও মাংসের দোকানীরা টাকা দিতে অস্বীকার করেন। এর ফলে দুই দলের মধ্যে ঝামেলা লাগলে ওই ডাক্তার হঠাৎ পকেট থেকে বড় একটি ছুরি বের করে হুমকি দিয়ে বলে, যে তাঁর আশেপাশে আসবে তার উপরেই ছুরি চালাবেন তিনি।
এই ঘটনায় গোটা বাজারের দোকানদাররা খেপে উঠে তিন বন্ধুসহ ওই ডাক্তারকে গণধোলাই দেয়। ঘটনাস্থল থেকে ওই তিন বন্ধু পালিয়ে গেলেও মূল অভিযুক্ত ডাক্তার সাংমা পালাতে পারেননি। বাজারের ক্ষুব্ধ জনতা তাঁর গাড়ি ভেঙে পাশের গানোল নদীর ধারে ফেলে দেয় বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাজারের ক্ষুব্ধ ব্যবসায়ীরা থানা ঘেরাও করে রাখে। তাদের দাবি, ওই ডাক্তারকে গ্রেফতার করতে হবে। শেষে বাজারের ব্যবসায়ীদের অভিযোগে ওই ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, তার বাকি তিন বন্ধুকেও খোঁজা হচ্ছে।
এশিয়ার প্রথম ফ্লোটিং ফেস্টিভ্যাল ভারতে! জল-স্থল-আকাশে অ্যাডভেঞ্চারের সুযোগ মিলবে