
শেষ আপডেট: 20 February 2024 23:05
দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেয় বাড়িতে ঢুকে সস্ত্রীক কোয়াক ডাক্তারকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধে সাড়ে সাড়ে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার ভগবান বসান এলাকায়।
এলাকাটি জনবহুল। ভর সন্ধেয় জনবহুল এলাকার একটি বাড়িতে খুনের ঘটনা ঘটায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন ডাক্তার শেখ আলাউদ্দিন ও তাঁর স্ত্রী হিরা বিবি। কে বা কারা, কী কারণে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার গতিপ্রকৃতি দেখে তদন্তকারী পুলিশ কর্তাদের অনুমান, নেপথ্যে ত্রিকোণ প্রেমের ঘটনা থাকতে পারে।
ডাক্তারবাবুর বাড়ি থেকে কয়েকটি বাড়ি পরেই তাঁর ভাগ্নে শেখ সালমতের বাড়ি। তিনি জানান, এদিন সন্ধেয় ডাক্তারবাবুর বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ পান পাশের বাড়ির এক বধূ। তাঁর স্বামী কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। ওই বধূ টেলিফোনে তাঁর স্বামীকে জানালে তিনি সালমৎকে ফোন করেন।
ভাগ্নে শেখ সালমতের কথায়, "কী হয়েছে বোঝার জন্য মামার বাড়ির সামনে এসে দেখি, বাইরে একজন দাঁড়িয়ে আছে। কী দরকার, জানতে চাইলে সে বলে, ডাক্তার দেখাতে এসেছি। এরপরই ভিতরে থাকা আরও একজন বাইরে আসে। আমি তাদের আটকানোর চেষ্টা করলে ওরা বাইক ফেলে পালিয়ে যায়। ঘরে ঢুকে দেখি মামা, মামীর ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে।"
খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে বাইকটি। স্থানীয় সূত্রে পুলিশের কাছে উঠে এসেছে ত্রিকোণ প্রেমের তথ্য। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।