
শেষ আপডেট: 14 February 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: বেশি রাত পর্যন্ত আর দিঘায় ঘুরে বেড়ানো যাবে না। দিঘার সমুদ্র পাড়ে গভীর রাত পর্যন্ত বসতে পারবেন না পর্যটকেরা। প্রশাসনের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। এই মর্মে শুরু হয়েছে মাইকিং।
বাঙালি সমুদ্র প্রেমীদের অন্যতম পছন্দের জায়গা দিঘা। এক-দু’দিনের ছুটি কাটাতে অনেকে প্রায়ই ঢুঁ মারেন বাংলার সৈকত শহরে। বিচে সমুদ্র স্নান, সমুদ্রের পাশে সময় কাটাতেই ছুটে যান পর্যটকরা। এতদিন সমুদ্রের পাড়ে থাকার সময়সীমার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ ছিল না। তবে এবার এবিষয়ে কড়া দিঘার পুলিশ-প্রশাসন। গভীর রাত পর্যন্ত আর বসে থাকা যাবে না দিঘার সমুদ্রের বিচে। ইতিমধ্যে প্রশাসনের তরফে এই বিষয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি দিঘায় এক পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেফতারও হয় অভিযুক্তরা। তবে দিঘার মতো জনবহুল সৈকত শহরে এহেন ঘটনা ঘটায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। দিঘায় নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই কড়া পদক্ষেপ করল দিঘা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সমুদ্র পাড়ের ব্যবসায়ীদের জানানো হয়েছে, রাত এগোরোটা থেকে সাড়ে এগারোটায় দোকানপাট বন্ধ করে দিতে হবে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলকেই সতর্ক করে জানানো হয়, গভীর রাত পর্যন্ত সমুদ্রের পাড়ে কেউ যেন ঘোরাফেরা না করেন। একই সঙ্গে পর্যটকদের রাত্রিবেলা হোটেলেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিয়ম ভাঙলে হতে পারে কড়া শাস্তি।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি দিঘায় হোটেলের ঘর দেখানোর নাম করে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, এক যুগল দিঘায় বেড়াতে এসেছিলেন। সারাদিন সমুদ্রে ঘোরাঘুরির পর হোটেলের খোঁজ করছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময়েই মোটরবাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন যুবক তাঁদের হোটেলের ঘর দেখানোর নাম করে বাইকে তুলে নেন। এরপর তাঁদের ওড়িশার দিকে দিঘাশ্রী পেরিয়ে একটি অন্ধকার জায়গায় তাঁদের নিয়ে যান। সেখানেই ওই তরুণীকে বেধড়ক মারধর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একইসঙ্গে তরুণীর বন্ধুকে গাছে বেঁধে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটিতে গ্রেফতার হয় দুই অভিযুক্ত।