দ্য ওয়াল ব্যুরো: খারাপ দাঁতের পাশাপাশি ভালো দাঁতেরও বারোটা বাজিয়ে দিয়েছেন ডাক্তার। নষ্ট হয়ে গেছে ভালো দাঁতও। তাই চেতলা থানায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ভুক্তভোগী।
রাজা বসন্ত রায় রোডের বাসিন্দা অমিত রায়ের অভিযোগ, দাঁতের সমস্যা নিয়ে আলিপুর রোডের এক ডেন্টাল ক্লিনিকে যান। তিনি চারটি দাঁতের রুট ক্যানাল করার কথা বলেন চিকিৎসককে। কিন্তু অপারেশন করার সময় তাঁকে না জানিয়ে ১৫টি দাঁতের রুট ক্যানাল করা হয়েছে। তাঁর কিছু ভালও দাঁতও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের পাশাপাশি রাজ্য স্বাস্থ্যদফতর ও আইএমএ–কেও অভিযোগ জানাতে চান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক। তাদের পাল্টা অভিযোগ, চিকিৎসা করিয়ে টাকা না দিতেই এই মিথ্যে অভিযোগ।
অন্যদিকে যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, ক্লিনিকটি তাঁর স্বামীর। ওই চিকিৎসকের স্বামী জানিয়েছেন গত এক বছর ধরে অমিত রায় তাদের ক্লিনিকে আসেন। তাঁকে জানানো হয়েছিল পুরো চিকিৎসায় ৬০ হাজার টাকা খরচ আছে। অমিতবাবু পরিচিত থাকায় দাঁত পিছু দু’হাজার টাকা করে নেওয়ার কথা হয়। এরপর তাঁর অনুমতি নিয়েই খারাপ দাঁতগুলো ঠিক করা হয়েছে। বিল হয়েছিল ৩২ হাজার টাকা। কিন্তু উনি আট হাজার দেন। বাকি টাকা ইন্সটলমেন্টে দিতে চেয়ে চেক দিয়েছেন। এখন টাকা যাতে না দিতে হয় তাই এই অভিযোগ এনেছেন।