
শেষ আপডেট: 25 March 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো: ১৭ বছরের কিশোরীকে নিয়ে পালানোর অপরাধে ধর্ষণের মামলা (rape case) রুজু করা হয়েছিল এক যুবকের বিরুদ্ধে। সেই অপরাধে তাঁকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। সেই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছিলেন অভিযুক্ত। সেই মামলার শুনানিতে জানা গেল, নিজেকে 'সাবালক' ভেবে ভুল করে সম্পূর্ণ স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে পালিয়েছিল নাবালিকা। এই তথ্য সামনে আসার পরেই অভিযুক্তের শাস্তি রদ করে দিল দিল্লি হাইকোর্ট (Delhi HC)।
১৭ বছরের কিশোরীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিলেন অভিযুক্ত। তারপর তাদের সন্তানও জন্ম নেয়। কিন্তু নাবালিকাকে বিয়ে করার অপরাধে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। সেই মামলায় একটি ট্রায়াল কোর্ট ২০২০ সালের নভেম্বর মাসে ওই যুবককে ১২ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। ইতিমধ্যেই অনেকটা সময় জেলে কাটিয়ে ফেলেছেন অভিযুক্ত। সাজা রদ করার আর্জি নিয়ে দিল্লি উচ্চ আদালতের দারস্ত হয়েছিলেন অভিযুক্ত যুবক। তার শুনানিতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, প্রেমে পড়ে সম্পূর্ণ স্বেচ্ছাতেই তিনি ওই যুবকের সঙ্গে পালিয়ে ছিলেন। শুধু তাই নয়, নিজের বয়স বুঝতে ভুল করেছিলেন তিনিই। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৪ মাস, যা জানতেন না তিনি। নিজেকে সাবালক ধরে নিয়েই পালিয়ে বিয়ে করে নিয়েছিলেন তিনি। আদালতের কাছে স্বামীকে জামিনে মুক্তি দেওয়ারও আর্জি জানান তিনিও
সব কিছু শোনার পরেই বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত যুবকের সাজা রদ করে দেন বিচারক। যদিও এর জন্য কয়েকটি শর্ত রয়েছে। আদালত জানিয়েছে, স্ত্রীর ইচ্ছা এবং অনুমতি ছাড়া কোনওভাবেই তাঁর ও তাঁর শিশু সন্তানের জীবনে নাক গলাতে পারবেন না অভিযুক্ত।
আদালত জানিয়েছে, ১০ হাজার টাকার ব্যক্তিগত এবং সিকিউরিটি বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া হবে ওই যুবককে। তাঁকে নিজের মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিকের কাছে জমা দিতে হবে এবং তা সব সময় সক্রিয় রাখতে হবে। মামলার শুনানি থাকলেই কোর্টে হাজিরা দিতে হবে তাঁকে। তদন্তকারী আধিকারিকের কাছে নিজের স্থায়ী এবং বর্তমান ঠিকানাও জমা দিতে হবে অভিযুক্তকে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশ ছেড়ে অন্য কোথাও যেতেও পারবেন না তিনি। এছাড়াও সন্তানের দেখভালের জন্য তাঁকে আর্থিক সাহায্য করার চেষ্টাও করতে বলেছে আদালত।
একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে দিল্লি স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিকে তরুণীকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
চুল কাটা থেকে ক্যাশ কাউন্টার, সামলাবেন রূপান্তরকামীরাই! দেশে প্রথম 'ট্রান্সজেন্ডার সেলুন'